কে হচ্ছেন ইনফান্তিনোর মহাসচিব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়ান্নি ইনফান্তিনো
জিয়ান্নি ইনফান্তিনো

উদ্যাপন যা করার করে ফেলেছেন। নতুন ফিফা সভাপতি হিসেবে এখন কাজ শুরুর পালা জিয়ান্নি ইনফান্তিনোর। তাঁর প্রথম কাজ ফিফার নতুন মহাসচিব বেছে নেওয়া, সংস্কারের পর যে পদের নাম হতে যাচ্ছে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’। কে হচ্ছেন সেই একজন?
নির্বাচিত হওয়ার পরই ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, তিনি ইউরোপীয় হওয়ায় মহাসচিব হিসেবে একজন অ-ইউরোপীয়কে বেছে নেবেন। এর আগে নির্বাচনের প্রচারণার সময়ও লন্ডনে বলেছিলেন, ‘মহাসচিব আফ্রিকা থেকে হলে সমস্যা কী?’
অবশ্য নির্বাচনের পর ইনফান্তিনোর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইনফান্তিনোর কথার মানে এই নয় যে আফ্রিকা থেকেই মহাসচিব হবে। তবে নতুন সভাপতি সত্যিই চান ইউরোপের বাইরে থেকে কাউকে মহাসচিব করতে। যদি সেটাই হয়, তাহলে ১৯০৪ সালে ফিফা প্রতিষ্ঠার পর এই প্রথম ইউরোপের বাইরে থেকে কোনো মহাসচিব হবেন।
আফ্রিকা থেকে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) মহাসচিব মরক্কোর হিচাম আল আমরানির নাম। ৩৬ বছর বয়সী আমরানি এর আগে সিএএফের উপমহাসচিবও ছিলেন, কাজ করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিপণন বিভাগেও। ভবিষ্যৎ ফুটবল প্রশাসক তৈরির জন্য ফিফার ‘মাস্টার্স প্রোগ্রাম’ কোর্সটিও আমরানি করেছেন ২০০৪ সালে।
আবার অনেকের ধারণা, কৌশলগত কারণে ইনফান্তিনো মহাসচিব করতে পারেন উত্তর আমেরিকা থেকে। সভাপতি নির্বাচনেও এ মহাদেশের ভালো সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। সে ক্ষেত্রে মহাসচিব হিসেবে ফিফা সভাপতির পছন্দ হতে পারেন ইউএসএ সকারের সভাপতি সুনীল গুলাটি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গেও ভালোভাবে
যুক্ত। ভদ্রলোক মহাসচিব হলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের সঙ্গে ফিফার সম্পর্কটা মজবুত হতে পারে বলে মনে করছেন অনেকে। যে দুর্নীতির অভিযোগে টালমাটাল হয়ে পড়েছিল ফিফা, সেটি প্রকাশ্যে আনার পেছনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআইয়ের একটা বড় ভূমিকা আছে। ফিফার সাবেক অনেক বড় কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত এফবিআই-ই করছে।
শেষ পর্যন্ত নতুন মহাসচিবের নাম জানতে অন্তত ১৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওই দিনই জুরিখে নির্বাহী কমিটিকে নিয়ে সভায় বসবেন ইনফান্তিনো।
ওদিকে ইনফান্তিনো ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় শূন্য হয়ে গেছে উয়েফার মহাসচিবের পদ। ওই পদে কে আসছেন, জানা যাবে আগামী পরশু। নিয়নে সেদিন সভায় বসবে উয়েফার নির্বাহী কমিটিও। অবশ্য এর সঙ্গে আরও একটা ব্যাপার আছে। ফিফা আপিল কমিটি ছয় বছরের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে। যে সিদ্ধান্তের বিরুদ্ধে প্লাতিনি আপিল করতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। তাঁর নিষেধাজ্ঞা না উঠলে শুধু মহাসচিব নয়, ভারপ্রাপ্ত সভাপতিও নিয়োগ দিতে হবে উয়েফাকে। এএফপি।