কে হচ্ছেন ফার্গির উত্তরসূরি?

বিদায় বলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ছিন্ন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর ২৭ বছরের সম্পর্ক। ৩৯ বছরের কোচিং জীবনের ২৭ বছরই ওল্ডট্র্যাফোর্ডে কাটিয়ে দেওয়া এই কোচের কোনো বিকল্প কখনো তৈরি হয়নি। তার পরও জীবনের ধারাবাহিকতায় ক্লাবকে তো তাঁর বিকল্প খুঁজতেই হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের একটি প্রজন্মের কাছে ফার্গুসনবিহীন ডাগআউট হয়তো অকল্পনীয়, কিন্তু জীবন তো এমনই। কারও জন্য তো আর কোনো কিছু থেমে থাকে না। কাল ৭১ বছর বয়সী এই কোচ নিজের বিদায়ের বারতা ছড়িয়ে দেওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে নতুন জল্পনা, কে হচ্ছেন স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি?প্রাথমিকভাবে ফার্গুসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এভারটনের কোচ ডেভিড মোয়েস ও রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। এই তালিকায় আছেন বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা কোচ ইয়ুর্গেন ক্লপও। চিন্তা-ভাবনা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের ছেলে রায়ান গিগসকে নিয়েও। এখনো মাঠের লড়াইয়ে থাকা এই বর্ষীয়ান খেলোয়াড় হয়তো আগামী মৌসুমেই খেলা ছেড়ে দলের ডাগআউটে স্থান করে নিতে পারেন। তবে এ মুহূর্তে স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো একজন ব্যক্তিত্বের শূন্যস্থান পূরণ করতে ইউনাইটেডের লক্ষ্য একজন তারকা কোচই।হোসে মরিনহোর নাম শুনে অনেকে চমকে যেতে পারেন। বাতাসে তাঁকে নিয়ে ভেসে বেড়াচ্ছে নানামুখী গুজব। তিনি এই মৌসুম শেষে চেলসির কোচ হচ্ছেন এমন খবরও পরিবেশন করেছে ব্রিটিশ গণমাধ্যম। চেলসির স্বত্বাধিকারী রোমান আব্রাহামোভিচের সঙ্গে বসে গোপনে মরিনহো চুক্তি সই করেছেন এমন গুজবও আছে। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় যদি মরিনহোর সামনে কোনো সুযোগ নিয়ে আসে, সেটা চেখে দেখতে তো আর তাঁর আপত্তি থাকার কথা নয়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ২০০৬ সালে আব্রাহামোভিচ যখন মরিনহোকে চেলসি থেকে বরখাস্ত করেছিলেন, তখন তাঁকে প্রাপ্য এক কোটি ১৮ লাখ পাউন্ডের বাইরে কোনো বাড়তি অর্থ দেননি। অথচ বাইআউটের ধারা অনুযায়ী নাকি তাঁর আরও দুই কোটি পাউন্ড পাওয়ার কথা ছিল। এবার নাকি আব্রাহামোভিচ অঙ্গীকার করেছেন, চেলসিতে কোচ হিসেবে যোগ দিলে তিনি সেই দুই কোটি পাউন্ড দিয়ে দেবেন। তবে আপাদমস্তক পেশাদার মরিনহো ফার্গুসনের উত্তরসূরি হওয়ার প্রস্তাব পেলে আব্রাহামোভিচকে একটু খেলিয়েও নিতে পারেন।
মরিনহোকে নিয়ে এত কথা হওয়ার কারণ, ফার্গুসন নিজেই ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ হিসেবে নাকি মরিনহোকে দেখতে চান। প্রভাবশালী এই ব্যক্তিত্বের ইচ্ছা-অনিচ্ছা তাঁর উত্তরসূরি নির্বাচনে যথেষ্ট প্রভাব রাখবে বলেই ধারণা করছেন সবাই।
মরিনহোর সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো তাঁর হামবড়া ভাব আর বিতর্ক সৃষ্টি করার বদঅভ্যেস। এই ব্যাপারগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তা-ব্যক্তিদের নজরে আছে। সে ক্ষেত্রে ডেভিড মোয়েস চলে আসতে পারেন আলোচনায়। দীর্ঘদিন ধরে এভারটনের কোচের দায়িত্ব পালন করে আসা মোয়েস একজন ব্যক্তিত্বসম্পন্ন কোচ। এভারটনের ইতিহাসে তিনি দীর্ঘমেয়াদি কোচের তালিকার তৃতীয় স্থানে আছেন। ফার্গির সঙ্গেও তাঁর সম্পর্ক হূদ্যতার। মরিনহোর মতো ‘তারকা কোচ’ ডাগআউটে নিয়ে আসার অভিপ্রায় না থাকলে মোয়েসই হতে পারেন সেরা পছন্দ। ওয়েবসাইট।