কে হচ্ছেন বার্সেলোনা কোচ?
বার্সেলোনার জন্য বিশাল এই ধাক্কাটা একেবারে অপ্রত্যাশিত ছিল না। লালাগ্রন্থির ক্যানসারে আক্রান্ত কোচ টিটো ভিলানোভা কত দিন চালিয়ে যেতে পারেন, সেই সংশয় ছিল আগে থেকেই। মরণব্যাধির চিকিৎসা আর বার্সেলোনার কোচিং একসঙ্গে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। স্বাভাবিকভাবেই ভিলানোভা নিজের চিকিৎসাকে প্রাধান্য দিয়ে ছেড়ে দিলেন বার্সা কোচের দায়িত্ব। পরশু রাতে সংবাদ সম্মেলনে ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের মুখে ভিলানোভার পদত্যাগের ঘোষণা শুনেও মনে হলো, এ রকম কিছুর জন্য একধরনের মানসিক প্রস্তুতি ক্লাবে ছিলই, ‘আমি আজ এমন একটা খবর দিতে এসেছি যেটা না দিতে হলেই ভালো লাগত।’ এর পর ভিলানোভার পদত্যাগের খবরটা নিশ্চিত করে জানিয়েছেন, ‘জীবন থেমে থাকবে না। এটা আমাদের জন্য বড় ধাক্কা। কিন্তু বার্সেলোনা আগেও এ রকম পরিস্থিতি সামলেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’ কিছুদিনের মধ্যেই ন্যু ক্যাম্পে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমরা আপনাদের সামনে নতুন কোচ নিয়ে উপস্থিত হব। হয়তো সামনের সপ্তাহের শুরুতেই।’ এখন সবার কৌতূহল—কে হচ্ছেন মেসি-নেইমারদের কোচ?
সংবাদ সম্মেলনে কোনোরকম আভাসই দেননি রোসেল কিংবা ক্লাবের ক্রীড়া পরিচালক আনদোনি জুবিজারেতা। তবে বার্সেলোনা সাধারণত যে পদ্ধতিতে কোচ বেছে নেয় সেটা মাথায় রাখলে শুরুতেই আসবে ভিলানোভার দুই সহকারী জর্ডি রৌরা ও হুয়ান ফ্রান্সেস্ক ফেরার ‘রুবি’র নাম। কিন্তু সমস্যা হচ্ছে, ন্যু ক্যাম্পের ‘প্রেশারকুকার’ পরিবেশে খুব বেশি দিন কাটাননি দুজনের কেউই। ভিলানোভা যেমন টানা পাঁচ বছর পেপ গার্দিওলার সহকারী থেকে আয়ত্ত করে নিয়েছিলেন অনেক কিছুই। এ দুজন তো তা নন।
সে ক্ষেত্রে কাতালানদের পছন্দ হতে পারে বার্সেলোনারই সাবেক ফুটবলার এবং কোচিংয়ের অভিজ্ঞতা আছে এমন কেউ। কারণ একেবারে বাইরের কাউকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া মানে আগে তিনি আসবেন, বার্সেলোনার টিকি-টাকা ফুটবলের সঙ্গে পরিচিত হবেন, তারপর সেটা পছন্দ না হলে নিজে অন্য কোনো ধরন বেছে নিয়ে দলকে সেভাবে গড়ে তুলবেন। মৌসুম শুরুর মাত্রই কিছুদিন আগে সেই ঝুঁকি মনে হয় না বার্সেলোনা নেবে। তার চেয়ে এমন একজনকে বেছে নেওয়া ভালো যিনি বার্সেলোনার খেলাটার সঙ্গে পরিচিত এবং নিজেও সেটা ধারণ করেন। অবধারিতভাবে এখানে সবার আগে চলে আসে ইয়োহান ক্রুইফের নাম। টিকি-টাকা ফুটবলের রূপকার তিনি। একসময় বার্সেলোনার স্বপ্নের দলের কোচ ছিলেন। তার চেয়ে ভালো করে কেউ তো কেউ বার্সেলোনাকে চেনে না বা ধারণ করে না। কিন্তু সমস্যা হচ্ছে ক্লাবের বর্তমান সভাপতি রোসেলের সঙ্গে ক্রুইফের সম্পর্কটা ভালো নয়। সবচেয়ে ভালো পছন্দ হলেও হয়তো ক্রুইফকে এ পদে নতুন করে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
স্পেন ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমে আরও যে কজনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাঁদের মধ্যে আছেন সাবেক ড্যানিশ ফুটবলার মাইকেল লাউড্রপও। ১৯৮৯-৯৪ পর্যন্ত বার্সেলোনায় দারুণ পাঁচটি মৌসুম কাটানো লাউড্রপ ছিলেন ক্রুইফের সেই ড্রিম টিমেরও সদস্য। সাবেক ড্যানিশ মিডফিল্ডারের কোচ হিসেবে অভিজ্ঞতাও যথেষ্ট। স্পার্তাক মস্কো, মায়োর্কার পর এখন দায়িত্ব পালন করছেন ইংলিশ লিগের দল সোয়ানসির কোচ হিসেবে। তবে দীর্ঘদিন ধরে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক না-থাকা, কিংবা খেলোয়াড় হিসেবে বার্সেলোনা ছেড়ে পরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কারণে কিছু নম্বর কাটা যাবে লাউড্রপের।
এর উল্টোটা করেছিলেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার লুইস এনরিকে। রিয়াল থেকে বার্সেলোনায় যোগ দিয়েই অবসর নিয়েছেন। পরে বার্সেলোনা ‘বি’ দলে কাজ করেছেন গার্দিওলার সহকারী হিসেবে। ভিলানোভার উত্তরসূরি হিসেবে আলোচনায় আছে তাঁর নামও। ন্যু ক্যাম্পের কর্তাব্যক্তিদের অন্য পছন্দ হতে পারেন আয়াক্সের বর্তমান কোচ ফ্রাঙ্ক ডি বোর। বার্সেলোনায় খেলেছেন, এর আগে খেলেছেন ক্রুইফের আয়াক্সেও। ভালো জানেন তিনি টিকি-টাকা ফুটবলও।
লাউড্রপ, এনরিকে কিংবা ডি বোরের যে কেউ হলে সেটা হবে যৌক্তিক পছন্দ। তবে এর বাইরে হাইপ্রোফাইল কাউকে বেছে নেওয়া হবে না এমনটাও বলা যাচ্ছে না। বিশেষ করে ভিলানোভার সরে দাঁড়ানোর পর থেকেই ইয়ুপ হেইঙ্কেস, ইয়ুর্গেন ক্লপ, রবার্তো মানচিনি, ভিলাস-বোয়াস ও মার্সেলো বিয়েলসার নামও শোনা যাচ্ছে খুব জোরেশোরে। নাম এসেছে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনোরও।
শেষ পর্যন্ত বার্সেলোনা কোচের হট সিটে কে বসছেন, সেটা জানতে নাহয় সামনের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাক। এএফপি, ওয়েবসাইট।
ফ্রান্সেস্ক ফেরার ‘রুবি’
টিটো ভিলানোভার সহকারী হিসেবে যোগদান গত মাসে। গত মৌসুমে স্পেনের দ্বিতীয় বিভাগের দল জিরোনাকে অল্পের জন্য তুলতে পারেননি প্রথম বিভাগে।
মাইকেল লাউড্রপ
ইংলিশ লিগের ক্লাব সোয়ানসির কোচ। আগে ছিলেন মায়োর্কা ও স্পার্তাক মস্কোয়। সাবেক ড্যানিশ মিডফিল্ডার খেলেছেন বার্সেলোনায় ক্রুইফের ড্রিম টিমে।
ফ্রাঙ্ক ডি বোর
ডাচ ক্লাব আয়াক্সের কোচ। বার্সেলোনা ও আয়াক্সে খেলা এই ডাচ ডিফেন্ডার একসময় ছিলেন আয়াক্সের যুবদলের কোচ। কাজ করেছেন হল্যান্ডের সহকারী কোচ হিসেবেও।
লুইস এনরিকে
স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কোচ। ছিলেন বার্সেলোনা ‘বি’ দলে পেপ গার্দিওলার সহকারী। সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড অবসরের আগে ছয় মৌসুম খেলেছেন বার্সেলোনায়।