কে হবেন ইংল্যান্ডের পরবর্তী কোচ?

অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে দারুণ একটা সময়ই কাটিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যে জিতেছিল দুটি অ্যাশেজ সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এ বছরের শুরুতে অ্যাশেজ ভরাডুবির পর আবারও টালমাটাল হয়ে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গন। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্লাওয়ার। তিনি দায়িত্ব পেতে যাচ্ছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টরের। আপাতত ইংল্যান্ড ওয়ানডে দলের অন্তর্বর্তী দায়িত্বে আছেন সাবেক স্পিনার অ্যাশলে জাইলস।
জাইলসই পাকাপাকিভাবেই ফ্লাওয়ারের উত্তরসূরি হতে যাচ্ছেন বলে এত দিন শোনা যাচ্ছিল। তবে ইসিবি এ ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তই নিতে যাচ্ছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। ইংলিশ ক্রিকেট দলের কোচ হিসেবে অনেকের নাম শোনা গেলেও ইসিবি নাকি চাচ্ছে এই পদে পিটার মুরসকে ফিরিয়ে আনতে। তবে এই পদে মুরসের প্রতিদ্বন্দ্বীদের তালিকায় আছেন ইয়র্কশায়ারের সাবেক পেসার মার্ক রবিনসন, নটিংহ্যামশায়ারের ক্রিকেট পরিচালক মিক নিওয়েল। শোনা যাচ্ছে শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিসের নামও।
২০০৭ সালে ডানকান ফ্লেচারের পরিবর্তে ইংল্যান্ডের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন মুরস। কিন্তু সেবার তাঁকে বিদায় নিতে হয়েছিল দুই বছর পরেই। ২০০৯ সালের শুরুতেই তত্কালীন অধিনায়ক কেভিন পিটারসেনের সঙ্গে বিবাদে জড়িয়ে চাকরি খোয়াতে হয়েছিল মুরসকে।
শেষ অবধি কার হাতে তুলে দেওয়া হবে অ্যালিস্টার কুকদের তত্ত্বাবধানের ভার সেটা নির্ধারণ করবেন ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক উইকেটরক্ষক পল ডাউনটন। দ্য গার্ডিয়ান।