কে হবেন ব্রাজিলের নতুন 'গারিঞ্চা?'

স্বপ্ন ছিল প্রথম বিশ্বকাপেই হাতে তুলবেন ওই সোনালি ট্রফি। তরুণ কাঁধে এত বড় স্বপ্নের ভার নিয়ে একাই দলকে টেনে নিচ্ছিলেন স্বপ্নপূরণের পথে। কিন্তু ভাগ্যের ফেরেই বলুন আর জুনিগার বুনো ফাউলেই বলুন, সেই স্বপ্ন আজ ধুঁকছে হুইলচেয়ারে। ব্রাজিলের জন্য দলের সেরা খেলোয়াড়কে হারানো এই প্রথম তা তো নয়। ১৯৬২ বিশ্বকাপে পেলে ইনজুরিতে ছিটকে গেলেও ব্রাজিল জিতে নিয়েছিল বিশ্বজয়ীর খেতাব। নেইমারহীন দলের জন্য আবারও যেন সেই ‘বাষট্টি’ ফিরে আসে সেই প্রার্থনাই চলছে গোটা ব্রাজিলজুড়ে।
এমন কী হয়েছিল সেই বাষট্টির বিশ্বকাপে? যা অনুপ্রেরণা হয়ে উঠছে বায়ান্ন বছর পরও। ১৯৫৮ সালের বিশ্বকাপ জেতার পর ’৬২ সালে ব্রাজিল চিলিতে বিশ্বকাপ খেলতে এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে। পাদপ্রদীপের আলোয় তখন সেলেসাওদের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক পেলে। কিন্তু মাঠে ভয়াবহ ফাউলের শিকার হয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই তিনি ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। ব্রাজিলকেও ঘিরে ধরল শিরোপা হারানোর শঙ্কা। ঘুরে দাঁড়িয়ে সেই ব্রাজিল দল কিন্তু ঠিকই উঠেছিল ফাইনালে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে আরও চার বছর ধরে রেখেছিল শিরোপা।
সেই তুলনায় এবার বিশ্বকাপ জেতা তো সহজই হওয়ার কথা, খুব বেশি কাজ বাকি রাখেননি নেইমার। চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়েই এসেছেন। নেইমারহীন ব্রাজিলকে বিশ্বকাপ খেলতে জিততে হবে আর মাত্র দুটি ম্যাচ। এই অবস্থায় বাষট্টির প্রেরণাই যে ব্রাজিলের পাথেয়, সেটা মানছেন দেশটির সাবেক ফুটবলব্যক্তিত্বরাও।
ব্যাপারটা কি খুব সহজ? বাষট্টির ব্রাজিল আর ২০১৪ সালের ব্রাজিলের মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। ৫২ বছর আগে পেলেহীন ব্রাজিলের হালটা ঠিক সময়ে ধরেছিলেন গারিঞ্চা নামের কেউ একজন! সঙ্গে পেয়েছিলেন পেলের বদলে দলে আসা আমারিলদোকেও। ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেসও তাই ভাবছেন, বিশ্বকাপ জিততে হলে এবার কাউকে না কাউকে ‘গারিঞ্চা’ হয়ে উঠতেই হবে, ‘সেবার পেলেকে হারানোর পর বিশ্ব পেয়েছিল আমারিলদো ও গারিঞ্চাকে। এবারও কাউকে সে রকম কিছু করতেই হবে।’নেইমারহীন ব্রাজিলের সামনে সেমির বাধা জার্মানি। হাল্ক, ফ্রেড নাকি ডেভিড লুইজ? কে হয়ে উঠবেন নতুন ‘গারিঞ্চা? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকল।