কেঁদেই দিলেন ফ্যালকাও

দূষণের এ বসুধায় একটু বিশুদ্ধ ভালোবাসা মিলবে কোথা? উত্তরটা অবশ্যই আপেক্ষিক। তবে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও অন্তত বিশুদ্ধ ভালোবাসার দেখা পেয়েছেন। দেখেছে অচেনা-অজানা এক খুদে সমর্থক তাঁর জন্য কতটা ভালোবাসা জমিয়ে রেখেছে বিশাল হূদয়টাতে। সেই ভালোবাসা ছুঁয়ে গেছে মোনাকো স্ট্রাইকারকেও। অশ্রু ঝরেছে তাঁরও দু চোখ বেয়ে।
ঘটনা খুলেই বলা যাক, সম্প্রতি ফ্যালকাওর সঙ্গে চার কিশোরকে দেখা করার সুযোগ করে দেওয়া হয়। এর মধ্যে একজন ১৩ বছর বয়সী মাইকেল স্টিভেন। কিছুক্ষণ অপেক্ষার পর হাজির ফ্যালকাও। প্রিয় তারকাকে হাত ছোঁয়া দূরত্বে দেখেই স্টিভেনের দু চোখ বেয়ে শুরু হলো অশ্রুর বর্ষণ। ফ্যালকাওর দু হাত ধরে রীতিমতো হাউমাউ করে কাঁদা শুরু করল স্টিভেন।
হাঁটুর চোটে অনেক দিন ধরেই মাঠের বাইরে কলম্বিয়ান স্ট্রাইকার। বিশ্বকাপের আগে পরিপূর্ণভাবে সেরে উঠতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। স্টিভেন তাই ফ্যালকাওর হাঁটু দুটোয় বারবার নিষ্পাপ হাতের পরশ বুলিয়ে বলতে লাগল, ‘ঈশ্বর তোমাকে দেখবে।’
ভক্তের এ অকৃত্রিম ভালোবাসা কাকে স্পর্শ করবে না বলুন! ফ্যালকাওর চোখ দিয়েও তখন অশ্রুর ধারা। কত ভক্ত-সমর্থকই তো হামেশা দেখা করে, অটোগ্রাফ নেয়, ছবি তোলে—সেসব কি আর মনে থাকে! তবে স্টিভেনের সঙ্গে কাটানো ওই মুহূর্তটুকু নিশ্চিত বহুদিন জমা থাকবে ফ্যালকাওর স্মৃতির ডায়েরিতে।
আবেগময় সেই মুহূর্তটির ভিডিও দেখুন: