কেঁদেছিলেন ক্যাসিয়াস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইড বেঞ্চে বসে দেখেছেন দলের ভরাডুবি। বিষণ্ন ইকার ক্যাসিয়াসকে দেখতে হয়েছে শেষ প্রহরীর সেই চিরচেনা জায়গাটার বেদখল হয়ে যাওয়া। কখনো কি ভাবতে পেরেছিলেন বার্নাব্যুতে তাঁকে দর্শক হয়ে খেলা দেখতে হবে? যা ছিল সবার ভাবনার অগম্য, সেটাই করেছিলেন হোসে মরিনহো। ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যাসিয়াসকে বসিয়ে রাখেন বেঞ্চে। এর মধ্যেই চোটের জন্য ছিটকে যান মাঠের বাইরে। চোট কাটিয়েও দলে আর থিতু হতে পারেননি, মৌসুমের দ্বিতীয়ার্ধে তাঁকে থাকতে হয়েছে প্রথম একাদশের বাইরেই। ইকার ক্যাসিয়াসকে বসিয়ে রাখা নিয়ে কম তোলপাড় হয়নি। কিন্তু সেই সময়টা আসলে কেমন কেটেছে ক্যাসিয়াসের? সম্প্রতি ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাসিয়াস খুলে দিয়েছেন আবেগের দুয়ার, ‘রিয়ালের জন্য কী ভালো হবে সেটাই চিন্তা করতাম তখন। আমি অনেক ভুগেছি, কেঁদেছি। খুব খারাপ সময় গেছে। অনেক রাত গেছে নির্ঘুম।’ তবে তার পরও দিন শেষে মাদ্রিদের প্রতি তাঁর আত্মনিবেদনে কোনো চিড় ধরেনি, ‘আমি আগাগোড়া একজন মাদ্রিদিস্তা। আর ক্লাবের স্থান কোচ, প্রেসিডেন্ট, পরিচালক, এমনকি আমারও আগে।’ আভাস দিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকেই ইতি টানতে পারেন ক্যারিয়ারের।দুঃস্বপ্নের সেই অধ্যায়টা এখন পেছনে ফেলে এসেছেন। মরিনহো চলে গেছেন মাদ্রিদ ছেড়ে, নতুন কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। জাতীয় দলেও ভিসেন্তে দেল বস্ক এখনো আস্থা রাখছেন তাঁর ওপর। ক্যাসিয়াসের কণ্ঠে এখন তাই ভারমুক্তির ছোঁয়া, ‘হ্যাঁ, আমি আবার সুখী। আগে কখনো পড়েননি এমন পরিস্থিতির মুখোমুখি হওয়াটা আসলেই কঠিন। এটা সহজ ছিল না, কিন্তু আমি আবার ফিরে এসেছি। আমি এখন বদলে যাওয়া ইকার ক্যাসিয়াস।’ ওয়েবসাইট।