কেইটা বাঁচালেন গুরুর মান
তারকাখচিত এক দল। লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, জেরার্ড পিকে, কার্লোস পুয়োল...। এঁদের অনেকেই আবার বিশ্বকাপজয়ী নায়কও। সেই তারকাদের ভিড়ে প্রায়ই ম্লান থাকেন। ক্লাসের মাঝারি মানের ছাত্রটির মতো, শিক্ষক হয়তো নামও জানে না। চলনে-বলনে তারকার বর্ণচ্ছটা নেই। জাতীয় দল দিয়েও যে আলোচনায় থাকবেন সেই উপায়ও নেই, খেলেন যে মালির হয়ে।সেই মালির ফুটবলার শেষ পর্যন্ত বাঁচালেন পেপ গার্দিওলা নামের ফুলটির সুবাস। আপাতত স্প্যানিশ লিগে নিজের শেষ ম্যাচে হারের লজ্জাতেই পড়তে বসেছিলেন গার্দিওলা। তা থেকে বাঁচাল যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে কেইটার গোল। রিয়াল বেটিসের সঙ্গে হারতে বসা ম্যাচটি শেষ বাঁশি বাজার একদম আগমুহূর্তে ২-২ ড্র করেছে বার্সেলোনা। আর একটি ম্যাচ আছে। ২৫ মে স্প্যানিশ কাপের ফাইনালটাই আসলে সত্যিকারের বিদায়মঞ্চ গার্দিওলার জন্য। তবে লিগ থেকে তাঁর বিদায়ও কম গুরুত্বপূর্ণ নয়। সেই বিদায়ীমঞ্চের আলোটাই চুরি করে নিয়ে নিতে যেতে বসেছিলেন রুবেন কাস্ত্রো। নবম মিনিটে সার্জিও বুসকেটস গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ৭১ ও ৭৪—তিন মিনিটের মধ্যে দুটি দুর্দান্ত গোল করে বেটিসকে এগিয়ে দেন রুবেন। শেষ পর্যন্ত কেইটার গোল না হলে স্মরণীয় জয় দিয়েই মৌসুমটা শেষ করতে পারত বেটিস। শেষ লিগ ম্যাচটায় ড্র একদিক দিয়ে ‘ভালোই’ হয়েছে। পুরো মৌসুমে বার্সার যাত্রাপথের সারাংশ হয়ে থাকল ম্যাচটি। অ্যাওয়ে ম্যাচে বার্সার ধুঁকতে থাকা, লিওনেল মেসির অনুজ্জ্বল দিনে ব্যর্থ হওয়া—দুটিই দেখা গেল পরশুও। নিজের রেকর্ড ৫০ গোলের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি মেসি। একটা শট অবশ্য গোলপোস্টে লাগিয়েছেন। এই মৌসুমে মেসির কত শট যে এবার গোলপোস্টে ধাক্কা খেল! ৫৩ মিনিটে দানি আলভেসের লাল কার্ডও ঝামেলায় ফেলে দিয়েছিল বার্সাকে। ড্র হওয়ায় গার্দিওলাও হয়তো ‘খুশি’। তাঁর প্রতিটি বিদায়পর্ব নিয়ে যেভাবে মাতামাতি হচ্ছে, পরশু তা হলো না। নিজেকে আলোর বাইরে রাখতেই পছন্দ করা গার্দিওলা ম্যাচ শেষেও বলেছেন, ‘জানি না কী স্মৃতি নিয়ে লিগ থেকে বিদায় নিচ্ছি। আশা করি, ভালো স্মৃতিগুলোই দীর্ঘদিন মনে থাকবে। অবশ্য আমি মনে করি না, আমার অনুপস্থিতি খুব বেশি বোধ করবে এই লিগ। কারণ আমি আসার আগেও লিগ ঠিকই হয়েছে, আমি চলে যাওয়ার পরও হবে।’ এএফপি, রয়টার্স।