কেউ ক্ষুব্ধ, কেউ বলছেন মাইলফলক
বাংলাদেশ লিগ কমিটি তাঁকে দুই মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে। মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক এটা জানার পর অতি দুঃখেই কিনা ক্ষোভেরও ভাষা হারিয়ে ফেললেন, ‘আমার মতো নগণ্য একজন লোককে গুরুত্ব দিয়ে বহিষ্কার করার সুপারিশ বড় একটা ব্যাপার। আমার সৌভাগ্যই বটে।’তিন বছর নিষিদ্ধ রহমতগঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন কালার অবশ্য এটাকে তাঁর জন্য দুঃখজনকই বললেন, ‘আমার বিরুদ্ধে কি কোনো প্রুফ (প্রমাণ) পাইছে? আমারে তো কমিটি কিছুই জিগায় নাই। শুধু ভিডিও দেখাইয়া বলছিল, এইটা কি পাতানো ম্যাচ ছিল? আমি কইছি, আমার কাছে তো পাতানো লাগে না। অন্য কারও কাছে লাগলে লাগতে পারে।’শেখ জামালের বিপক্ষে রহমতগঞ্জ দুই গোলে এগিয়ে থাকার পর একটা সময় ভুল করে কালা ফোন করেন মারুফকে। তখন কালা নাকি বলেন, ডিফেন্ডার উঠাইয়া লইছি এবার গোল দ্যান...।’ এই বিষয়গুলো মনে করিয়ে দিলে কাল কালার উত্তর, ‘আমার বিরুদ্ধে প্রুফ দেখাইয়া শাস্তি দিলে আপত্তি থাকত না, কিন্তু তারা তো কোনো প্রুফ দেখাইতে পারেনি। কাজেই এই শাস্তি কেমনে হইল, বুঝবার পারতাছি না।’দুই বছর নিষিদ্ধ রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখও তাঁর বিরুদ্ধে নেওয়া সুপারিশে হতাশ। খুলনা থেকে ফোনে তাঁর দাবি, ‘সেদিন আমার সামনে ডিফেন্স বলতে কিছু ছিল না। একজন ডিফেন্ডার লাল কার্ড খেয়েছে, একজন ব্যথা পেয়ে উঠে গেছে। আমরা আসলে নয়জন নিয়ে খেলেছি, এ অবস্থায় ৫ গোল নয়, ১০ গোল খেলেও আমার কিছু করার ছিল না।’লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘সেদিন পোস্টের নিচে ইরানের কোনো মুভমেন্ট ছিল না। একজন গোলরক্ষক এভাবে খেলতে পারে না। পরের ম্যাচগুলোকে তাকে আবার অন্য রকম লেগেছে।’ ইরানের কথা, ‘আমি কোরআন শরিফ ছুঁয়ে বলেছি, পাতানোর ব্যাপারে কিছু জানি না। আমার সব কথাই মিথ্যা হয়ে গেল।’মোহামেডান কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘পাতানো খেলা যদি প্রমাণ হয় তাহলে বাইলজ অনুযায়ী শাস্তি হবে এটাই হচ্ছে শেষ কথা। এর বাইরে আর কিছু করার সুযোগ নেই।’ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের (রুপু) কথাও একই রকম, ‘পাতানো খেলা যদি হয়ে থাকে, তাহলে তো বাইলজ আছে।’ শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরী অবশ্য যা হয়েছে এতেই খুশি, ‘যেটুকু হয়েছে, বাস্তবতার নিরিখে এটিকেই মাইলফলক বলব।’তবে শেষ জামালের গায়ে একটা কলঙ্কের ছাপ পড়ল। কাগজে-কলমে চ্যাম্পিয়ন হলেও দলটি এখন বড়মুখ করে নিজেদের চ্যাম্পিয়ন দাবি করতে পারবে না। তবে শেখ জামালের সভাপতি মনজুর কাদের বলেছেন, ‘এই সুপারিশটা বানোয়াট। আমরা এর প্রতিবাদ করব। আমরা পাতানো খেলিনি।’ রহমতগঞ্জের সাধারণ সম্পাদক টিপু সুলতানের কথা, ‘আমাদের বিরুদ্ধে প্রমাণ দেওয়া হোক। তাহলে মনকে বোঝাতে পারব, আমরা অন্যায় করেছি।’বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের দিকে এখন সবার দৃষ্টি। তাঁর কথায় বোঝা গেল, বহিষ্কার দূরের কথা, পয়েন্ট কাটারও পক্ষে নন তিনি। তবে মনে করছেন জরিমানার অর্থে সমতা মানা হয়নি। রহমতগঞ্জের অর্থদণ্ড আরও বাড়ানোর ইঙ্গিত মিলল। তিন পাতার প্রতিবেদন হাতে পেয়ে বললেন, ‘রিপোর্টটা ফেডারেশনের সভায় উপস্থাপন করব। সিদ্ধান্ত সেখানেই হবে।’