কেউ জেতেনি মিলান ডার্বিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলান ডার্বির স্বাদটা আগেও পেয়েছিলেন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তো ইন্টার মিলানই ছিল তাঁর ঠিকানা। মুদ্রার উল্টো পিঠটাও এবার দেখে ফেললেন মারিও বালোতেল্লি। এসি মিলানের জার্সি গায়ে গত পরশু নেমেছিলেন ইন্টারের বিপক্ষে। তবে তিন বছরে ‘সুপার মারিও’ তাঁর প্রথম মিলান ডার্বিতে গোল পাননি, দুই দলের খেলাটাও হয়েছে ড্র (১-১)। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের লিগ-দৌড়ে টিকিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।কদিন আগে নিজেদের মাঠে বার্সেলোনাকে বধ করে উজ্জীবিত মিলান শুরুতেই চেপে ধরে প্রতিবেশীদের। ২১ মিনিটে স্টেফান এল শারাউয়ির গোলে এগিয়েও যায়। ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচ বাধা না হয়ে দাঁড়ালে ব্যবধান বাড়তে পারত প্রথমার্ধেই। কিন্তু মিডফিল্ডার এজেকুয়েল স্কেলেত্তোর ৭১ মিনিটের গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচটা আর কোনো গোল দেখেনি।জয় হাতছাড়া হওয়ায় হতাশ মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘আমি একটু হতাশ। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলছিলাম। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’ ইন্টার কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনির ফলটা আবার ‘ন্যায্য’। ড্রয়ের পর তৃতীয় স্থানেই রইল মিলান, পঞ্চম ইন্টার পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে। এদিকে সিয়েনাকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা পাকাপোক্তই করেছে জুভেন্টাস, দ্বিতীয় নাপোলির চেয়ে এগিয়ে গেছে ৭ পয়েন্টে। প্রিমিয়ার লিগে শিরোপা জেতার আশাটা এখনো টিমটিম করে জ্বলছে ম্যানচেস্টার সিটির। চেলসিকে ২-০ হারিয়ে রবার্তো মানচিনি এখনো আশায় বুক বাঁধছেন, ‘১১ ম্যাচ আগে শিরোপা-দৌড় থেমে যাবে, এটা আমরা ভাবতেই পারি না। আমাদের কারোরই মানসিকতা এ রকম নয়। আজকের ম্যাচের মতোই খেলতে হবে আমাদের।’ এই হারে সিটির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়া চেলসির শিরোপাস্বপ্ন শেষই। চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাওয়াটাও তাদের সংশয়াচ্ছন্ন। গতকাল ওয়েস্ট হামকে হারিয়ে থাকলে চেলসিকে টপকে টটেনহাম উঠে গেছে তিনে। এএফপি।