কেউ ফেবারিট নয়: হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরে এসেছে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। কাল শনিবার ভারতের মাটিতে পা দেবে পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যকার সিরিজে ফেবারিট কে? সিরিজ মাঠে গড়ানোর আগে এখন ভেসে চলেছে এই প্রশ্ন।পাকিস্তানে টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ মনে করেন, কোনো দলই ফেবারিট নয়। তাঁর দৃষ্টিতে, ভারত-পাকিস্তান উভয় দলই যথেষ্ট ভারসাম্যপূর্ণ। জিততে পারে যেকোনো দল। পাকিস্তানি দৈনিক ‘ডন’ এ খবর জানিয়েছে।‘ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ মানেই সীমাহীন চাপ। কারণ দুই দলের ওপরই সমর্থকদের উচ্চাশা থাকে। অতীতে উভয় দল একে অপরের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আসন্ন সিরিজে তাই কোনো দলই স্পষ্টত ফেবারিট নয়। যেকোনো দলকে ফেবারিট বলা যায়।’ গতকাল বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বলেছেন মোহাম্মদ হাফিজ।দলে কার ভূমিকা কী হবে, এ প্রশ্নে হাফিজ বলেন, ‘ভারত সফরের পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে বিশদ আলোচনা করেছি আমরা। এখন কার ভূমিকা কী হবে, এটা নির্ধারণ করবে দলের ম্যানেজমেন্ট। এই মুহূর্তে নির্দিষ্ট করে কারও ভূমিকা উল্লেখ করতে পারছি না।’৩২ বছর বয়সী হাফিজ বলেন, ‘সবার প্রাথমিক লক্ষ্য হলো, ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা বিলিয়ে দেওয়া, পাকিস্তানকে ভালো ফল পেতে সহায়তা করা। সাম্প্রতিক সময়ে টানা চার ম্যাচে আমরা ভারতের কাছে হেরেছি। পরাজয়ের এই বৃত্ত ভাঙতে হলে এটা মাথায় রেখে খেলতে হবে আমাদের।’পাকিস্তানের আসন্ন ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসর।ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখে ভারত। ওই বছর থেকে এখন পর্যন্ত আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি।