কেউ যাচ্ছেন, কেউ আসছেন...
‘...এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ যোগ দেওয়া ক্রিকেটারটির নাম নাজমুল হোসেন’—বাংলাদেশ দলসংক্রান্ত কোনো খবরের প্রথম লাইন এখন এটাই হওয়া উচিত। দলে কখন কে যোগ হচ্ছেন, কখন কে বিয়োগ হচ্ছেন সে হিসাব রাখতে রীতিমতো তালগোল পাকিয়ে যাওয়ার মতো অবস্থা। আর এ রকম বিশেষ ধরনের হিসাব রাখার জন্য তো আজ পর্যন্ত কোনো ক্যালকুলেটরও আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা!ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল নিয়ে শুরু থেকেই বিস্তর টানাহেঁচড়া। নির্বাচকেরা প্রথমে ১৪ জনের দল বানালেও বোর্ডের ইচ্ছায় ঘোষিত হলো ১৩ জনের দল, বাদ পড়ে গেলেন রকিবুল হাসান।। ১৩ জনের দল থেকেও অকস্মাত্ অভিমানে মাশরাফি বিন মুর্তজার বিদায়, ‘ফিল্ডিং স্পেশালিস্ট’ হিসেবে দলে যোগ হলেন নাসির হোসেন। সর্বশেষ জানা গেল, দ্বিতীয় ওয়ানডের দিন সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার নাজমুল হোসেনও। সেটা এমনই জরুরি ভিত্তিতে যে দলে যোগ দেওয়ার আগে হোটেলে ওঠারও সময় পাননি নাজমুল। বাসা থেকে সরাসরি চলে গিয়েছিলেন মাঠে। শেষ ম্যাচে দ্বিতীয় ওয়ানডের দলটাই খেলানোর চিন্তাভাবনা থাকলেও নাজমুল চট্টগ্রামে এসেছেন, এসে কাল আফতাব আহমেদ আর নাসির হোসেনের সঙ্গে জিমও করেছেন। তবে তাঁর দলে আসার খবর এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানোর প্রয়োজন মনে করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তা না জানাক, ম্যাচ রেফারিকে জানালেই হয়। গত ত্রিদেশীয় সিরিজে পাওয়া শিক্ষা নিশ্চয়ই এবার কাজে লাগাচ্ছে তারা।ভবিষ্যতে কাজে লাগানোর মতো একটা শিক্ষা এবারও পেয়েছে বিসিবি। এক মাশরাফি বিন মুর্তজা-নাটকেই সিরিজটা বাড়তি স্নায়ুচাপে পড়ে গেছে। মাশরাফি দলে এলেন, খেললেন, চলে গেলেন, আবার তাঁকে দলে আনার চেষ্টা হলো এবং শেষ পর্যন্ত তিনি এলেন না। এই পুরো নাটকে টিম ম্যানেজমেন্ট এবং মাশরাফির ভূমিকা যেমন আছে, তেমনি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিল স্বয়ং বোর্ড এবং বোর্ডের নির্বাচকমণ্ডলী। শুরুতে দলের ছকে না থাকলে শেষ মুহূর্তে নির্বাচকেরা মাশরাফিকে দলে নিলেন এবং এমন এক সময়ে যখন দলটার সঙ্গে মিলেমিশে একাকার হওয়ার জন্য যথেষ্ট সময়ই পেলেন না আট মাস পর ফেরা এই ক্রিকেটার। দল ঘোষণা হলো ২৫ ফেব্রুয়ারি, আর মাশরাফি খেলতে নেমে গেলেন ২৮ ফেব্রুয়ারি। মাশরাফির জন্য বাংলাদেশ দলের ড্রেসিংরুম হয়তো নতুন নয়, কিন্তু তাঁর এই ফেরাটা তো নতুনই ছিল! দল সূত্রের খবর, মাঝের সময়টাতে অনুশীলন ছাড়া মাশরাফির সঙ্গে খুব একটা দেখা-সাক্ষাত্ হয়নি ক্রিকেটারদের। আর অনুশীলনে যেহেতু সবাই সবার কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিল, মাশরাফিকেন্দ্রিক খুব বেশি কিছু হয়নি সেখানে, হয়নি পুনর্মিলন বলতে যেটা বোঝায় সেটাও। এত দিন পর দলে ফিরে এ রকম আবহ মানতে না পারাই স্বাভাবিক মাশরাফির মতো সুপারস্টারের জন্য। কিন্তু এই আবহের জন্য যদি কেউ শুধু অধিনায়ক সাকিব বা টিম ম্যানেজমেন্টকেই দায়ী করে, সেটাও কি খুব ন্যায় হবে তাদের প্রতি? দল ঘোষণায় অকারণ দেরি, খেলোয়াড় নির্বাচনে বোর্ডের ‘অযাচিত’ পরামর্শ এবং শেষ মুহূর্তে কোচ-নির্বাচকদের সঙ্গে কথা না বলেই মাশরাফিকে আবার দলে ফেরানোর উদ্যোগ—দলের মতো বোর্ডের কাজকর্মও যে বিশৃঙ্খলায় ভরা!ইংল্যান্ড সিরিজে খেলোয়াড়ের হিসাব-নিকাশ রাখার মতো আরও একটা কাজ করতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। আম্পায়াররা কে কয়টা ভুল করলেন, সে হিসাব। দ্বিতীয় ওয়ানডেতে অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ার জন্য তো দলের ক্রিকেটাররা বাজে আম্পায়ারিংকেই দায়ী করছেন। বাংলাদেশ দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার কাল দুঃখের সঙ্গে হালকা রসিকতার ককটেল বানালেন, ‘আমাদের সঙ্গেই এসব বেশি বেশি হয়। ক্রিকেটারদের কাছে পারফরম্যান্সের ধারাবাহিকতা আশা করা হয়। আমি তো বলি আম্পায়ারদের পারফরম্যান্সে আরও বেশি ধারাবাহিকতা থাকা উচিত।’ আম্পায়ারিং নিয়ে সংবাদমাধ্যমে কথা বলার সময় পরিচয় গোপন রাখাই নিয়ম। দলের আরেক ব্যাটসম্যান সেই নিয়ম মেনেই বললেন, ‘এ ম্যাচে আমরা হারি না। আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণেই হারতে হলো। ১৩ রানে মরগানের এলবিডব্লুটা দিয়ে দিলে কী হতো ভাবেন? পরে তো ও সেঞ্চুরি করেই জিতিয়ে দিল ইংল্যান্ডকে!’আম্পায়ারিং নিয়ে অসন্তোষ থাকলেও সেটা মুখে আনলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তাঁকে বেশি আহত মনে হলো দলের ফিল্ডিং নিয়ে, ‘আমাদের ফিল্ডিং ভালো হচ্ছে না। ক্যাচ পড়ছে প্রতিদিন। এ ম্যাচে ইংল্যান্ডকে যে খুব কষ্টে জিততে হয়েছে তা নয়। উইকেট মাত্র দুইটা হাতে থাকলেও রান-বলের ব্যবধান বেশি ছিল না। বরং আমরা যদি ক্যাচগুলো নিতে পারতাম, তাহলেই ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।’ওয়ানডে সিরিজে অন্তত একটা জয়ের আশা ছিল বাংলাদেশের। সে আশা পূরণের শেষ সুযোগ কালই। মাঠের বাইরের অনেক গোলমেলে হিসাবের পরও সাকিব আল হাসানদের এই হিসাবটা কি অন্তত মিলবে?