কেওয়েলের কাঠগড়ায় ফিফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচে এক জয়, এক হার, এক ড্র। মাথা উঁচু করেই বাড়ি ফিরে গেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরে দেশবাসীর উষ্ণ অভিনন্দন পেয়েছেন কাহিল-কেওয়েলরা। কিন্তু দেশবাসীর এই অভিনন্দনও হ্যারি কেওয়েলের মনের ক্ষোভটা ধুয়ে দিতে পারেনি! রেফারিং নিয়ে বরং মনের কষ্টটা আরও বেড়েছে। তাই ক্ষোভে-দুঃখে এবার স্বয়ং ফিফাকেই কাঠগড়ায় দাঁড় করালেন কেওয়েল। ফিফার বিরুদ্ধে তাঁর গুরুতর অভিযোগ, বিশ্ব ফুটবলের এই অভিভাবক সংস্থা বড় দলগুলোর পক্ষ নেয়! ‘ফিফা তখন কী করে, যখন আমাদের মতো দলগুলো অবিচারের শিকার হয়, অথচ বড় দলগুলোর কিছুই হয় না। আমরা বিশ্বকাপে পরিচ্ছন্ন খেলা খেলতেই গিয়েছিলাম। আমরা তা খেলেছিও।’—বলেছেন কেওয়েল।শুধু অস্ট্রেলিয়ার হয়ে নয়, সব ছোট দলের প্রতিনিধি হয়েই কেওয়েলের এই অভিযোগ। এবারের বিশ্বকাপে রেফারিরা দুটি লাল কার্ড দেখিয়েছেন অস্ট্রেলিয়ানদের। জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে লাল কার্ড পান দলের সেরা খেলোয়াড় টিম কাহিল। ঘানার বিপক্ষে পরের ম্যাচে হ্যারি কেওয়েল। কাহিল, কেওয়েল দুজনেরই দাবি, কিছুতেই লাল কার্ড পাওয়ার মতো অপরাধ তাঁরা করেননি। একই ধরনের অপরাধ করেও ছোট দলের খেলোয়াড়েরা পান শাস্তি, বড় দলের ক্ষেত্রে সেটা চোখেই পড়ে না!রেফারিরা যে মাঠে ছোট দলগুলোর প্রতি অন্যায় করেন, তার উদাহরণ দিতে এই বিশ্বকাপেরই দুটি ঘটনার উল্লেখ করেছেন কেওয়েল। ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ইতালির ডি রসি পিছলে পড়ে পেনাল্টি আদায় করে নিল। আমাদের বিপক্ষে সার্বিয়ার মিলোস ক্রাসিচ একই অপরাধ করে পার পেয়ে গেল!’ ক্ষোভের সঙ্গে কেওয়েল বলেছেন, ‘আমরা মনে করলাম হলুদ কার্ড হবেই। কিন্তু কোথায় ছিল কার্ড? আমি তার কাছেই গেলাম না। সে পেনাল্টির চেষ্টা করে গেল। কিন্তু তার কোনো শাস্তিই হলো না।’