কেক কাটা নয়, ভোটে জন্মদিন পালন টেন্ডুলকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দেওয়ার পর টেন্ডুলকার।
ভোট দেওয়ার পর টেন্ডুলকার।

আজ ৪২-এ পা দিলেন শচীন টেন্ডুলকার। ‘লিটল জিনিয়াসে’র জন্মদিন মানেই প্রশংসা-স্তুতি-শুভেচ্ছার বান। তবে আজকের জন্মদিনটা নিঃসন্দেহে ভিন্ন তাত্পর্য বহন করবে ‘আধুনিক ডনে’র কাছে। কেননা, ক্রিকেট থেকে অবসরের পর প্রথম জন্মদিন যে আজ। এমন জন্মদিন সর্বশেষ কবে পালন করেছেন, তা বের করতে সময়ই লাগবে। ক্রিকেটের দিনগুলোয় অনেক জন্মদিন কেটেছে মাঠে, ড্রেসিংরুমে, টিম হোটেলে কিংবা বিদেশ বিভুঁইয়ে। ক্রিকেট ছাড়ার পর প্রথম জন্মদিনটা তাই ভিন্নভাবে পালনের সিদ্ধান্ত নিলেন টেন্ডুলকার।
আইপিএলের জন্য গিয়েছিলেন দুবাইয়ে। জন্মদিনের আগেই চলে এলেন দেশে। হঠাত্ দেশে আসার মূল কারণ কিন্তু জন্মদিন পালন নয়। এসেছেন নিজের গণতান্ত্রিক অধিকার ‘আদায়’ করতে। ক্রিকেট কিংবদন্তি জন্মদিন উদযাপন করলেন ভোট দিয়ে। ভোট দিয়ে এতটাই খুশি যে আঙুলে ভোট দেওয়ার কালির ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘আমি ভোট দিয়েছি, আপনি দিয়েছেন তো? আমাদের মহান জাতির একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ভোট দিয়ে জন্মদিনটা চমত্কারভাবে শুরু হলো।’
টেন্ডুলকার অবশ্য রাজ্যসভার মনোনীত সদস্য। ভোটের এ সময়ে দেশের জনগণের উদ্দেশে কিছু পরামর্শমূলক বাণীও দিলেন তাঁর অফিশিয়াল ফেসবুকে পেজে। সেখানে লিখেছেন, ‘ক্রিকেটে প্রতিটি রানই হিসাব করা হয়। তেমনি একটি নির্বাচনে প্রতিটি ভোটই হিসাব করা হয়। ফলে আপনার ভোট দেওয়ার ক্ষমতাকে ছোট করে দেখবেন না।’