কেন এভাবে অংশ নেওয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার পরও ফেডারেশন একবার বলে দিয়েছিল, যাওয়া হচ্ছে না। ভিসা পাওয়ার পরই বিকেএসপির অ্যাথলেট জাকিয়া সুলতানা জানতে পারলেন পুনেতে যেতে হবে।একই অবস্থা ছিল নাজমুন নাহার বিউটিরও। চট্টগ্রামে শারীরিক শিক্ষা কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশের দ্রুততম মানবী। হঠাৎই তাঁকে ডেকে পাঠানো হয় চট্টগ্রাম থেকে। দ্রুতই ঢাকায় এসে ২৮ জুন পুনে-যাত্রায় দলের সঙ্গী হন। বাংলাদেশের পাঁচ অ্যাথলেট বিউটি, শিরিন আক্তার, জাকিয়া, আবু রায়হান ও মেসবাহ উদ্দিন ৩-৭ জুলাই ভারতের পুনেতে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গিয়েছিলেন কোনো অনুশীলন ছাড়াই। ফল যা হওয়ার কথা, তা-ই হয়েছে। কেউই নিজের সেরা টাইমিংও করতে পারেননি। যাওয়ার ধকলও কম ছিল না। যেতে হয়েছে বাসে ও ট্রেনে। কলকাতায় এক রাতের বিরতি ধরলে দুই দিন কেটেছে পথে। মিট শেষে ৮ জুলাই রওনা হয়ে গত পরশু গভীর রাতে ফিরেছেন দেশে। সঙ্গে নিয়ে এসেছেন শুধুই তিক্ত অভিজ্ঞতা।পুনেতে হিটেই বাদ পড়েছেন পাঁচ অ্যাথলেট। শিরিন আক্তার অবশ্য সেমিফাইনালে উঠেছেন বলে দাবি করলেন। তবে সেই সেমিফাইনাল আসলে তাঁর ইভেন্টে ১৬ জনের কম প্রতিযোগী ছিল বলে।পুনেতে বিউটি ১০০ মিটার স্প্রিন্টে সময় করেন ১৩.৫১ সেকেন্ড। অথচ তাঁর সেরা সময় ১১.৬০ সেকেন্ড। বিউটি সর্বশেষ বাংলাদেশ গেমসে ১০০ মিটার জিতেছেন ১২.৫২ সেকেন্ড সময় করে। শিরিন আক্তার ১০০ মিটারে সময় নেন ১২.৭৩ সেকেন্ড। তাঁর সেরাটাও সর্বশেষ বাংলাদেশ গেমসে, রুপা জিততে সময় নিয়েছিলেন ১২.৫৫ সেকেন্ড। পুনেতে বিউটি ২০০ মিটারের (২৭.৮৪ সেকেন্ড) হিটে ছিলেন সবার শেষে। আর জাকিয়া ২০০ মিটারের হিটে হন অষ্টম (২৬.৫২ সেকেন্ড)। অথচ বাংলাদেশ গেমসে ২৫.১২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন জাকিয়া। ৪০০ মিটারে সময় নিয়েছেন ১.০১ মিনিট, অথচ বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন নিজের সেরা ৫৯ সেকেন্ডে। বাংলাদেশ গেমসের দ্রুততম মানব মেসবাহ উদ্দিন পুনেতে ১০০ মিটারে সময় নেন ১০.৯৯ সেকেন্ড (বাংলাদেশ গেমসে ১০.৭৫ সেকেন্ড)। ২০০ মিটারে ২২.৮৭ সেকেন্ড সময় করা আবু রায়হান বাংলাদেশ গেমসে সোনা জিতেছিলেন ২১.৫০ সেকেন্ডে।প্রস্তুতি ছাড়া আন্তর্জাতিক আসরে গিয়ে অ্যাথলেটরাই বিব্রত হন বেশি। বিউটি কাল আক্ষেপ করছিলেন, ‘পদকজয়ের পর যখন পতাকা ওড়ানো হয়, সবাইকে উঠে দাঁড়াতে হয়। অন্য দেশের পতাকা উড়তে দেখে কী যে কষ্ট হয়! মনে হয়, আমি যদি একটা পদক পেতাম, তাহলে আমাদের পতাকাও এভাবে উড়ত। আসলে আমাদের সমস্যা হলো, আমরা নিজেরাও ট্রেনিংয়ের মধ্যে থাকি না।’প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচ অ্যাথলেটের মধ্যে চারজনই বিকেএসপির। বাংলাদেশ গেমসের পর বিকেএসপির নিয়মমতো সবাই ১৫-২০ দিন ছুটিতে ছিলেন। প্রস্তুতি বলতে কিছুই হয়নি। হতাশা ঝরল জাকিয়ার কণ্ঠে, ‘এত বড় গেমসে যাওয়ার আগে ফেডারেশনের কোনো দিকনির্দেশনাই পাই না। খারাপ পারফরম্যান্স করে নিজের কাছেই খারাপ লাগে।’ মেসবাহ বললেন, ‘কোনো ট্রেনিং ছাড়াই এভাবে গেলে দৌড়ানোর আগেই ভয় লাগে।’ এ বিষয়ে কথা বলার জন্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের মুঠোফোনে বেশ কবার ফোন করলেও তিনি ধরেননি।এদিকে অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শোনা যাচ্ছে, ১৬-২৪ আগস্ট নানজিংয়ে অনুষ্ঠেয় যুব এশিয়ান গেমসের ট্রেনিংয়ের জন্য বরাদ্দ স্থগিত করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন, ‘বিওএর আগামী সভায় এ ব্যাপারে প্রস্তাব তোলা হবে।’