কেন এমন খ্যাপলেন সিমিওনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারানের দিকে তেড়ে গিয়েছিলেন সিমিওনে। ছবি: রয়টার্স
ভারানের দিকে তেড়ে গিয়েছিলেন সিমিওনে। ছবি: রয়টার্স

তীরে এসে তরী ডোবার যাতনা ডিয়েগো সিমিওনের চেয়ে ভালো কে বুঝবে! নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলে এগিয়ে থেকেও যদি পরাজয়ের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়, কার মেজাজ ঠিক থাকে? তবে ম্যাচ চলার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ যেভাবে বারবার তেড়েফুঁড়ে উঠলেন, হুটহাট মাঠে ঢুকে পড়লেন, তাতে অবাক তো হতেই হয়। বিশেষ করে রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন, অনেকের মনেই প্রশ্ন, কেন এমন খ্যাপে গিয়েছিলেন সিমিওনে?

৯০ মিনিট পর রেফারি অতিরিক্ত সময় ঘোষণা করলেন পাঁচ মিনিট। সেই সময়েরও আড়াই মিনিট পার হয়েছে। কিন্তু অন্তিম মুহূর্তেই জোরালো এক হেড থেকে গোল করে বসলেন সার্জিও রামোস। বলটা যেন তির হয়ে বিঁধল অ্যাটলেটিকো সমর্থকদের হূদয়ে! রামোসের গোলের পর ভীষণ চটে যান সিমিওনে। এর আগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাঠে ঢুকে রেফারি কুইপার্সের ওপর বিরক্তি প্রকাশ করেছিলেন অ্যাটলেটিকো কোচ। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় নিয়েও চরম অসন্তুষ্ট হন সিমিওনে। তাঁর হতাশা আরও বেড়ে যায় যখন গ্যারেথ বেল, মার্সেলো ও ক্রিস্টেয়ানো রোনালদো একে একে বল জড়িয়ে দিতে থাকেন অ্যাটলেটিকোর জালে।

রোনালদোর গোলের পর রাফায়েল ভারান করে বসেন আরেক কাণ্ড। ডাগআউটে দাঁড়ানো সিমিওনের উদ্দেশে বলে কিক মারেন। পাল্টা কিকে বল ফেরত পাঠিয়ে তখনই গজরাতে গজরাতে মাঠে ঢুকে পড়েন সিমিওনে। যেন সব ক্ষোভ-হতাশা ঝাড়বেন ভারানেরই ওপর! অনেক কষ্টে সামলাতে হয় অ্যাটলেটিকো কোচকে। এ ঘটনার পর অ্যাটলেটিকো অধিনায়ক গাবি ভারানকেই দুষছেন। তরুণ ফরাসি মিডফিল্ডারের প্রসঙ্গে বললেন, ‘কীভাবে জিততে হয়, সেটি আপনাকে জানতে হবে। সে এখনো অনেক তরুণ।’

গতকালের পরাজয়ের পর চার দশক আগের কথা মনে পড়ে গিয়েছিল অনেকের। ১৯৭৪ সালের সেই ফাইনালের ভূত যেন আবারও ফিরে এসেছিল। খেলা না দেখলে বোঝার কোনো উপায় নেই যে শিরোপা জয় থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল অ্যাটলেটিকো। স্পেনের ক্রীড়া দৈনিক ‘মার্কা’র সংবাদ শিরোনাম: ‘আরও একটি নির্দয় ফাইনালের শিকার অ্যাটলেটিকো মাদ্রিদ’।

১৯৭৪ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের ফাইনালে উঠেছিল অ্যাটলেটিকো। প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১১৪ মিনিটের মাথায় গোল করেছিলেন লুইস আরাগোনেস। সেবারও একেবারে শেষ মুহূর্তে গোল শোধ করেছিল বায়ার্ন। তখন টাইব্রেকারের কোনো পদ্ধতি না থাকায় আবার অনুষ্ঠিত হয়েছিল ফাইনালটি। এক দিন পরের সেই ম্যাচে অ্যাটলেটিকোকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বায়ার্ন।

কী অদ্ভুত মিল দেখুন, ১৯৭৪ সালে অ্যাটলেটিকোর সেই দলের কোচ ছিলেন একজন আর্জেন্টাইন—হুয়ান কার্লোস লরেঞ্জো। এবারও অ্যাটলেটিকো দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে গিয়েছিল একজন আর্জেন্টাইন কোচের অধীনে। সিমিওনেই বদলে দিয়েছেন ধার-দেনায় জর্জরিত স্প্যানিশ ক্লাবটিকে। ১৯৯৬ সালের পর এবার তারা ঘরে তুলেছে লা লিগা শিরোপা। চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা জিততে পারলে রূপকথা পূর্ণতা পেত।

রেফারির ওপর সিমিওনের রাগ, ইনজুরি সময় কেন ৫ মিনিট দেওয়া হলো। ৯০ মিনিট শেষ হতেই মাঠে ছুটে গিয়ে রেফারির কাছে ক্ষোভ জানিয়ে এসেছিলেন। আবার গেছেন অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে যখন আবার এক মিনিটের ইনজুরি সময় পেরিয়েও খেলা চালিয়ে গেছেন রেফারি। স্বাভাবিকভাবেই হতাশার সমুদ্রে যেন ডুবে আছেন সিমিওনে। কিন্তু এই পরাজয়েই সব শেষ মানতে নারাজ তিনি, ‘আমরা জানতাম যে জয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা মানুষের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তাতে বুঝেছি, ফুটবলের চেয়েও আরও বেশি কিছু আছে। এই একটা ম্যাচ নিয়ে কান্নাকাটি করার কোনো মানে নেই। এ রকম ভালো খেলার পর আপনাকে মাথা উঁচু করেই থাকতে হবে। গর্ববোধ করতে হবে।’