কেন জয়ের চেষ্টা করল না দক্ষিণ আফ্রিকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রয়ের পর হাসিমুখে দুদলের করমর্দন। ছবিটা অন্যরকমও হতে পারত। একটু সাহসী হলে অবিশ্বাস্য একটা জয়ই হয়তো পেত দক্ষিণ আফ্রিকা
ড্রয়ের পর হাসিমুখে দুদলের করমর্দন। ছবিটা অন্যরকমও হতে পারত। একটু সাহসী হলে অবিশ্বাস্য একটা জয়ই হয়তো পেত দক্ষিণ আফ্রিকা

পরাজয়ে ডরে না বীর। কিন্তু দক্ষিণ আফ্রিকা কাল বুঝিয়ে দিয়েছে, বীর সাজার কোনো শখ তাদের নেই। ম্যাচ জেতার, ইতিহাস গড়ার সোনালি হাতছানিতে সাড়া দিয়ে বীরপুরুষ হওয়ার চেয়ে ম্যাচ বাঁচানোর শ্রমিক হওয়াই তাদের জন্য বেশি শ্রেয়। অথচ মাত্র আটটা রান। এই আট রান করলেই টেস্টের ১৩৬ বছরের ইতিহাসে যুক্ত হতো নতুন অধ্যায়। চতুর্থ ইনিংসে ৪৫৮ রান তাড়া করে জয়ের নতুন বিশ্ব রেকর্ড।
‘তিরে এসে তরী ডোবা’টা যে কী জিনিস, সেটা হয়তো দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালোভাবে আর কেউই উপলব্ধি করতে পারেনি। জোহানেসবার্গ টেস্টে যখন পেতে শুরু করেছিল কাঙ্ক্ষিত জয়ের সুবাস, তখন হঠাত্ই যেন আত্মসমর্পণ করে বসল তারা। শেষ ১৯ বলে যখন ১৬ রান দরকার, তখন কেন ঝুঁকি না নিয়ে ড্র করার মতো সহজ পথে হাঁটলেন ভারনন ফিল্যান্ডার আর ডেল স্টেইন? এই প্রশ্নেই এখন তোলপাড় পুরো ক্রিকেট বিশ্ব।
এমন একটা রেকর্ড গড়ার সুযোগ কি আর রোজ রোজ আসে? এ রকম চিন্তা থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ড্যারেন কালিনানের মতো অনেকেই বলছেন, জয়ের চেষ্টা করাই উচিত ছিল স্টেইন-ফিল্যান্ডারদের। শেষ তিন ওভারে তারা যখন রান নেওয়া ছেড়ে দিয়েছিল, তখন দুয়োধ্বনিও ভেসে এসেছিল দর্শক সারি থেকে। এত কাছাকাছি এসে ড্র-টাও যে মনে হয়েছিল হারেরই সমতুল্য। কিন্তু কেন জয়ের চেষ্টা করল না তাঁরা?
১৩৪ রানের চমত্কার ইনিংস খেলা ফ্যাফ ডু প্লেসিস রানআউট না হয়ে গেলে হয়তো এত প্রশ্নের আবির্ভাবই হতো না। সহজেই জয়র বন্দরে পৌঁছে যেতে পারত স্বাগতিকরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। এরপর আরও তিনটি উইকেট আছে মনে হলেও দক্ষিণ আফ্রিকার সাজঘরের পরিস্থিতিটা ছিল অন্যরকম। ডু প্লেসিসের পর ফিল্যান্ডারের সঙ্গী হয়ে উইকেটে এসেছিলেন স্টেইন। এরপর মরনে মরকেল থেকেও ছিলেন না। ইনজুরির কারণে দাঁড়ানোর মতোই অবস্থা ছিল না এই ডানহাতি পেসারের। আর ইমরান তাহির চাপের মুখে উইকেটে এসে টিকে থাকতে পারতেন কি না, সেটা নিয়ে যথেষ্টই সন্দেহ ছিল। এ কারণেই হয়তো সব উত্তাপ-উত্তেজনায় পানি ঢেলে দিয়ে নির্লিপ্তভাবে বল ‘ডাক’ করে গেছেন স্টেইন আর ফিল্যান্ডার।
ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকদের এই কথাগুলোই মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ, ‘দলের জন্য যেটা ভালো মনে হয়েছে, তারা সেই কাজটাই করেছে। মরনের দাঁড়াতেই কষ্ট হচ্ছিল। আর ইমরান কতখানি করতে পারবে, সেটা নিয়ে সন্দেহ ছিল। আমার মনে হয়, দলগতভাবে ডেল আর ভারননের সিদ্ধান্তটাকেই আমাদের সমর্থন দেওয়া উচিত।’
শেষ তিনটি ওভারে কী করা উচিত, সেই সিদ্ধান্ত স্টেইন আর ফিল্যান্ডার নিজেরাই নিয়েছিলেন এবং এটা কোনো দলগত সিদ্ধান্ত ছিল না বলেও জানিয়েছেন স্মিথ। তবে ফিল্যান্ডারই ম্যাচটা জেতাতে পারতেন বলেও স্বীকার করেছেন প্রোটিয়া অধিনায়ক, ‘ওভারের মাঝখানে উইকেটে থাকা ব্যাটসম্যানকে কোনো বার্তা পাঠানো যায় না। স্টেইনকে উইকেটে যাওয়ার সময় বলা হয়েছিল শেষ ওভারে আক্রমণে যেতে। কিন্তু তারপর মাঝখানে দুটি ওভারে কোনো রান হলো না। এটাই কাজটা কঠিন করে দিয়েছিল। আমার মনে হয়, আমাদের ভারননকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। সেই পারত আমাদের একটা জয় এনে দিতে। কিন্তু সেটা হয়নি।’
তবে স্টেইন আর ভারননের ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটির পেছনে যে সবার শতভাগ সমর্থন আছে, সেটা জোরগলাতেই বলেছেন স্মিথ। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক যতই যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করুন না কেন, জোহানেসবার্গ টেস্টটা হয়তো দীর্ঘদিনই একটা আফসোস হয়েই থাকবে সমর্থকদের মনে।