কেন টি-টোয়েন্টি বিশ্ববিদ্যালয় ক্রিকেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে একবারই বসেছিল আসরটা। ২০০৯ সালে বিসিবির টুর্নামেন্ট কমিটি আয়োজন করে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। প্রায় পাঁচ বছর পর আগামীকাল থেকে আবারও সেটি আলোর মুখ দেখছে। তবে একটা প্রশ্ন সামনে রেখে। ৪০ ওভারের ক্রিকেট থেকে এবারের ওয়ালটন রেফ্রিজারেটর ইউনিভার্সিটি চ্যালেঞ্জ কাপ হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট!
বিসিবির অধীনে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল সাবেক বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন টুর্নামেন্ট কমিটির প্রধান থাকাকালে। ৫০ ওভারের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও গরমের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর অনুরোধে পরে তা হয়ে যায় ৪০ ওভারের ম্যাচের টুর্নামেন্ট। পরের বছর থেকে তো তা বন্ধই হয়ে গেল। খেলার মান সন্তোষজনক ছিল না বলে বোর্ড সভার সিদ্ধান্তেই সেটি আর হয়নি। তবে এর দায় নিতে হয়েছে টুর্নামেন্ট কমিটির তৎকালীন প্রধান গাজী আশরাফ হোসেনকে। পরে তো এটা বিসিবির নির্বাচনেই একটা ইস্যু হয়ে গেল। কাল অবশ্য এই প্রসঙ্গে গাজী আশরাফ বলেছেন, ‘এটি বন্ধের দায় যদি আমাকে দিতে হয়, তাহলে প্রথমবারের মতো টুর্নামেন্ট শুরু করার কৃতিত্বও আমিসহ তখনকার বোর্ডকেই দিতে হবে।’
দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটে ২০ ওভারের ক্রিকেট দেখে কিছুটা বিস্মিত গাজী আশরাফ, ‘এটা কোনো ফরম্যাটই হলো না। আমার মনে হয় না এটা বোর্ডের সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে। আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট আয়োজন করা হলে ঠিকভাবেই করা উচিত, দায়সারাভাবে করার কোনো মানে হয় না।’ বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য জিয়াউর রহমানের ব্যাখ্যা, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করার আগে আমাদের হাতে সময় খুব কম। সে জন্যই টি-টোয়েন্টি ক্রিকেট হবে। তবে আগামীবার থেকে আমাদের পুরো ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনেরই পরিকল্পনা আছে।’
১০ দলের টুর্নামেন্টে আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মাত্র দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন বিবেচনায় এল, সেটাও একটা প্রশ্ন। কিন্তু প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেনি টুর্নামেন্ট কমিটি। ১৭ লাখ টাকার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা ও রানার্সআপ ৫০ হাজার টাকা। বিকেএসপিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ফাইনাল ২৩ মে।