কেনিয়ার সর্বনিম্ন রানের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২ রানেই পড়ে গেল ৯ উইকেট। তখনই বোঝা গিয়েছিল, কেনিয়ার জন্য লজ্জার রেকর্ড এড়ানোটা দুঃসাধ্য হবে। কেনিয়া তা এড়াতে পারেওনি। পরশু শারজায় আফগানিস্তানের বিপক্ষে ৫৬ রানে অলআউট হয়ে গড়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড। নিজেদের রেকর্ডই ভেঙেছে কেনিয়ানরা। এর আগে ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তখনকার সর্বনিম্ন ৬৭ রানে অলআউট হয়েছিল কেনিয়া।
ওপেনার মোহাম্মদ শেহজাদ (১৯ বলে ৩৬), আসগর স্টানিকজাই (৩৪ বলে ৪৩) ও সামিউল্লাহ শেনওয়ারির (১৪ বলে ৩৯) ব্যাটে আফগানিস্তান ৬ উইকেটে করে ১৬২ রান। জবাবে ৫৬ রানে অলআউট হয়ে কেনিয়া হারে ১০৬ রানে। হাসান হামিদের বিধ্বংসী এক স্পেলে ৭ রানেই ৪ উইকেট হারায় কেনিয়া। হামিদ নিজের প্রথম (ইনিংসের দ্বিতীয়) ওভারেই পরপর দুই বলে মরিস ওউমা ও ইরফান করিমকে ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। সেটা না হলেও পরের ওভারে ফেরান কলিন্স ওবুয়াকেও। তাঁর প্রথম স্পেলটি ছিল এ রকম, ২-১-১-৩। পরে কেনিয়াকে গুঁড়িয়ে দিতে আরেক পেসার মিরওয়াইস আশরাফ ও লেগ স্পিনার শেনওয়ারিও নিয়েছেন দুটি করে উইকেট। কেনিয়ার দুজন মাত্র দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
বড় এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে যাওয়ার সঙ্গে আফগানরা বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাসও। এই আত্মবিশ্বাস নিয়ে আফগানরা পূরণ করে ফেলতে পারে সরাসরি ২০১৫ বিশ্বকাপে খেলার স্বপ্ন! আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে এই কেনিয়ার বিপক্ষেই দুটি ম্যাচ আফগানিস্তানের, আজ ও আগামী পরশু। শারজার এই ম্যাচ দুটিতে জিতলেই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান সরাসরি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ২০১৫ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
আট দলের টুর্নামেন্টের শীর্ষ দুটি দল পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। বাকি দলগুলো হংকং, নেপাল, পাপুয়া নিউগিনি ও উগান্ডাকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডে আবারও বাছাইপর্বে খেলবে। ১৪ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৪ ম্যাচে সমান ১৮ পয়েন্ট হলেও রান রেটে হল্যান্ডকে টপকে সংযুক্ত আরব আমিরাত দুই নম্বরে। ১২ ম্যাচে আফগানিস্তানের পয়েন্ট ১৫। কেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতলে তাদের পয়েন্ট হবে ১৯। সে ক্ষেত্রে কপাল পুড়বে আমিরাতের। তথ্যসূত্র: ক্রিকইনফো।
টি-টোয়েন্টির সর্বনিম্ন পাঁচ ইনিংস
৫৬ কেনিয়া-আফগানিস্তান শারজা ২০১৩
৬৭ কেনিয়া-আয়ারল্যান্ড বেলফাস্ট ২০০৮
৬৮ আয়ারল্যান্ড-উইন্ডিজ গায়ানা ২০১০
৭০ বারমুডা-কানাডা বেলফাস্ট ২০০৮
৭১ কেনিয়া-আয়ারল্যান্ড দুবাই ২০১২