কেনিয়াকে উড়িয়ে পাকিস্তানের শুরু
পাকিস্তান: ৫০ ওভারে ৩১৭/৭কেনিয়া: ৩৩.১ ওভারে ১১২ফল: পাকিস্তান ২০৫ রানে জয়ীওভার ৭, রান ১২, উইকেট ২। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান যেন কেনিয়া! আর বল হাতে কেনিয়া যেন পাকিস্তান!পাকিস্তানের ওপর কেনিয়ার এই শাসন অবশ্য পরে আর বেশিক্ষণ স্থায়ী হলো না। শুরুর এই চিত্রপট পাল্টে ক্রমেই হাম্বানটোটা স্টেডিয়ামের ক্রিকেট লড়াই রূপ নিল ‘বড়’ পাকিস্তানের সঙ্গে ‘পুঁচকে’ কেনিয়ার লড়াইয়ে। এই বদলে যাওয়া রূপের ভেতর থেকেই প্রাণ উড়ে গেল ম্যাচের। বিতর্কে এলোমেলো পাকিস্তান অনেক প্রশ্নের জবাব দেওয়ার বিশ্বকাপ অভিযানের সূচনা করল ২০৫ রানের বড় জয় দিয়ে।ম্যাচের রূপবদলের নায়ক দুই আকমল ভাইয়ের সঙ্গে ইউসুস খান, মিসবাহ-উল হক এবং মি. ‘এক্সট্রা’। ম্যাচ শেষে অধিনায়ক শহীদ আফ্রিদির ধন্যবাদ তাঁরা পেয়ে থাকবেন নিশ্চয়ই। এই বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে নিয়েছেন ৫ উইকেট। বোলার আফ্রিদিকে ধন্যবাদ দেবে কে?কেনিয়া আসলে হেরে যায় পাকিস্তান ইনিংসের পরই। পাকিস্তানের ৩১৭ রান টপকে জয়ের পতাকা ওড়ায় এই কেনিয়ার সাধ্য কী!কেনিয়া পারেনি। কিন্তু এই হারের মধ্যেও সান্ত্বনার উপলক্ষ তাদের জন্য ঠিকই আছে। পারফরম্যান্সে উন্নতির ছাপ তো তারা রেখেছেই! এই বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেনিয়াকেই বিবেচনা করা হচ্ছে দুর্বলের দুর্বল। প্রথমে ব্যাট করে ৬৯ রানে গুঁড়িয়ে যাওয়া এবং পরে মাত্র ৮ ওভারেই ১০ উইকেটের পরাজয় স্বীকার করে সেই প্রমাণ কেনিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই দিয়েছে।বেনেট-সাউদি-ওরামদের কাছে স্রেফ উড়ে যাওয়া কেনিয়া কাল কিছুটা উজ্জ্বল। বল হাতে পাকিস্তানের ৭ উইকেট তুলে নেওয়ার পর ব্যাটে ১১২ রান, মাঠের পারফরম্যান্সে কেনিয়ার উন্নতির ইঙ্গিতই! সেই সঙ্গে পাকিস্তানের জন্য হুঁশিয়ারি সংকেতও নয় কি?ব্যাটে-বলে কেনিয়ার উন্নতি যদি আফ্রিদিদের আগামীর পথের জন্য সতর্ক সংকেত হয়, তবে ম্যাচে মানসিকভাবে চাঙা হওয়ার মতো উপাদানও তাদের জন্য ভরপুর। বুকে কাঁপন লাগা শুরুর পর ঘুরে দাঁড়িয়ে ৩১৭ রানের পুঁজি গড়ে জয়কে হাতের মুঠোয় পুরে নির্ভার হয়ে বোলিং-ফিল্ডিং করাটা স্বস্তির সঙ্গে দল হিসেবে উজ্জীবিত হওয়ারও।টমাস ওডোয়োর প্রথম ওভারে ৪ রান। এলাইজা ওটিয়েনোর ওভারে ২ রান। পরের দুই ওভারে রান নেই। ওটিয়েনোর তৃতীয় ওভারের তৃতীয় বলে (ইনিংসে ষষ্ঠ ওভার) মোহাম্মদ হাফিজের শট। মিড উইকেটে পাখির মতো ঝাঁপিয়ে পড়ে বল হাতে পুরে ফেললেন ওয়াটার্স। যদিও প্রথম দফায় বল হাত থেকে বেরিয়ে যায়। মাটিতে পড়ে দ্বিতীয় চেষ্টায় তালুবন্দী করতে সক্ষম হন ওয়াটার্স। তবে ওয়াটার্সের এই ক্যাচ নেওয়াটা বিশ্বাস হচ্ছিল না ব্যাটসম্যান হাফিজের। নিশ্চিত হতে নিলেন রেফায়েল। বেশ কয়েকবার রিপ্লেতে সিদ্ধান্ত, ক্যাচ হয়েছে। হাফিজ আউট (৯)। পরের ওভারেই অন্য ওপেনার আহমেদ শেহজাদকে (১) বিদায় করেন ওডোয়ো।১২ রানে দুই ওপেনারকে হারিয়ে পাকিস্তান শিবিরে আতঙ্কের ছায়া। তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে শুরুর বিপদ থেকে উদ্ধার করেন কামরান আকমল-ইউনুস খান। দুজনই করেন হাফ সেঞ্চুরি। ৫৫ রান করে আকমল আউটের পর মিসবাহর সঙ্গে ইউনুস গড়েন ৪৫ রানের জুটি। ইউনুস ঠিক ৫০ রান করে আউট। এরপরই মিসবাহ-উমর আকমলের ম্যাচের সর্বোচ্চ ১১৮ রানের জুটি। মিসবাহ ৬৯ বলে ৬৫, ছোট আকমল করেন ৫২ বলে ৭১ রান, যে জন্য পরে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।উমর আকমলকে লং অনে জিমি কামান্ডের ক্যাচ বানানোর পরের বলেই পাকিস্তান অধিনায়ক আফ্রিদিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ওডোয়ো। নিউজিল্যান্ডের আম্পায়ার টনি হিল অবশ্য ওডোয়োর আবেদন নীরব থেকে প্রত্যাখ্যান করেন। কিন্তু অতি আত্মবিশ্বাসী ওডোয়ো নিলেন রেফায়েল। মাঠের আম্পায়ারিং আরেকবার প্রশ্নের মুখে ঠেলে দিয়ে টিভি আম্পায়ার জ্বালিয়ে দেন লাল বাতি, আফ্রিদি (৭) আউট। ওডোয়োর সামনে হ্যাটট্রিকের সুযোগ। ব্যাটসম্যান আবদুর রেহমান। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানই সচরাচর অস্বস্তিতে ভোগেন। কিন্তু কাল যেন ভড়কে গেলেন বোলার ওডোয়োই। হ্যাটট্রিক সুযোগের বলটিকে তিনি করলেন লেগ স্টাম্পেরও হাত দেড়েক বাইরে দিয়ে! ব্যাটসম্যান দূরের কথা নাগাল পেলেন না উইকেটকিপার ওউমাও।কেনিয়া অতিরিক্ত রান দিয়েছে ৪৬টি। বিশ্বকাপের ইতিহাসে ইনিংসে অতিরিক্ত খাতে এটা চতুর্থ সর্বোচ্চ (ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসে পঞ্চম সর্বোচ্চ)।বোলিংয়ের মতো ব্যাটিংয়েও কাল কেনিয়ার শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতেই ৩৭ রান। এই জুটি ভাঙে ওয়াটার্সের রানআউটের মধ্য দিয়ে। ৪৩ রানের মাথায় ওউমাকে ফিরিয়ে দেন উমর গুল। কলিন্স ওবুইয়া আর স্টিভ টিকোলো ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বোলার আফ্রিদি এসেই মড়ক লাগিয়ে দেন। ৮ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। কেনিয়া গুঁড়িয়ে যায় ১১২ রানে।