কেনিয়ার বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষটা ভালোভাবে করতে পারলেন না পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া স্টিভ টিকোলো। কলকাতায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৬১ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেই ক্রিকেট অঙ্গন থেকে বিদায় নিলেন কেনিয়ার সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে গেছে কেনিয়ান ইনিংস। স্টিভ টিকোলো সাজঘরে ফিরেছেন মাত্র ১০ রান করে।প্রথম আট ওভারের মধ্যেই মাত্র ২৭ রানেই প্রথম সারির তিন ব্যাটসম্যান ডেভিড ওবুইয়া, কলিন্স ওবুইয়া ও স্টিভ টিকোলোকে হারিয়ে চাপের মুখে পড়ে যায় কেনিয়া। এরপর উল্লেখযোগ্য কোন পার্টনারশিপও গড়ে তুলতে পারেন নি কেনিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে মাত্র ৩৬ ওভারে ১৪৭ রানে ইনিংস শেষ করে তারা। তবে এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৪৭ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন নেহেমিয়া ওদিয়াম্বো। শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।জিম্বাবুয়ের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন রেমন্ড প্রাইস, গ্রেগ ল্যাম্ব ও গ্রায়েম ক্রেমার। ৫৪ বলে ৬৬ রানের চমত্কার ইনিংসটি খেলে ম্যাচসেরা হয়েছেন ক্রেইগ অরভিন।