কেনিয়ার সামনেও ‘সতর্ক’ অস্ট্রেলিয়া
চোটের কারণে ডগ বলিঞ্জারের বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেলে অস্ট্রেলিয়ায় দাবি ওঠে মাইক হাসিকে দলে নেওয়ার। আর সবার সঙ্গে সুর মিলিয়ে ডেভিড হাসিও ব্যাট করেছিলেন ভাই মাইকের হয়ে। আজ সেই ভাইয়ের কারণেই ডেভিড হাসি হতে পারেন বলির পাঁঠা!জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়, শ্রীলঙ্কার ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ৫ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া আজ বেঙ্গালুরুতে জিতলেই নিশ্চিত করে ফেলবে কোয়ার্টার ফাইনাল। ধরে নিতে পারেন রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া শেষ আটের টিকিট পেয়েই গেছে! তাদের আজকের প্রতিপক্ষের নাম যে কেনিয়া।জিমি কামান্ডের কেনিয়া নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে বাজেভাবে। এমন কি লড়াই করতে পারেনি কানাডার সঙ্গেও। বিশ্বকাপে ৩২ ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়াকে আটকে দেবে এই কেনিয়ার সেই সাধ্য কোথায়? কেনিয়া জয়ের স্বপ্ন দেখছেও না। তাদের লক্ষ্য পুরো ৫০ ওভার ব্যাটিং করা। আর নিজেদের পারফরম্যান্সের উন্নতি করে সম্মানজনকভাবে হারা।প্রতিপক্ষ দল যখন হারার আগেই হেরে বসে আছে, অস্ট্রেলিয়ানরা সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিতেই পারে। কিন্তু না, কোনো বিশ্রাম নীতির পথে হাঁটতে রাজি নন অধিনায়ক পন্টিং, ‘আমরা যথেষ্ট বিশ্রাম পেয়েছি।’ পন্টিং পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে চান, কারণ খেলতে চান সর্বোচ্চ মানের ক্রিকেট। আগের ম্যাচগুলোতে তারা নাকি ভালো মানের ক্রিকেট খেলেনি! আর কেনিয়াকেও হালকা করে দেখছেন না পন্টিং, ‘টুর্নামেন্টে আমরা দেখেছি, অঘটন ঘটছেই...কোনো ম্যাচই আমরা হালকাভাবে নিতে পারি না।’কাউকে বিশ্রাম তো দেওয়া হবেই না, মিডল-অর্ডারের ভরসার প্রতীক হিসেবে আজ একাদশে ফিরতে পারেন মাইক হাসিও। মাইক হাসি যদি ফিটনেস পরীক্ষায় উতরে দলে ঢুকেই যান, সে ক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন তাঁরই ছোট ভাই ডেভিড। হাসি ভাইদের কপাল ভালো হলে ছিটকে পড়তে পারেন স্টিভেন স্মিথও।পন্টিং একটা কিন্তু ঝুলিয়ে রাখলেও মাইক হাসি ধরেই নিয়েছেন তিনি খেলছেন। খেলার জন্য উন্মুখ হয়ে আছেন হাসি, ‘ফিরে আসা এবং বিশ্বকাপ খেলাটা হবে বিশেষ কিছু।’ এএফপি।