কেনিয়ায় গৃহবিবাদ!
ভীষণ দুঃসময় যাচ্ছে কেনিয়ার। প্রথম ম্যাচে ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটের হার দিয়ে শুরু বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ২০৫ রানের হার। এরই মধ্যে কেনিয়া দলে শুরু হয়ে গেছে কোন্দল। কোচ এলডিন ব্যাপ্টিস্টের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে দলের সিনিয়র খেলোয়াড়দের।না, গুঞ্জন নয়। কেনিয়ার ক্রিকেটের বোর্ডের প্রধান সমির ইনামদার দিয়েছেন এই খবর। বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘কোচ তাঁর নিজের মতো করে কাজ করতে চান, যেটি দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের পছন্দ হয়নি।’বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ১ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে কেনিয়া। ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের সাম্প্রতিক পারফরম্যান্স এমনিতে যাচ্ছেতাই। গত ১২ ওয়ানডের ১০টিতেই হেরেছে। ইনামদার অবশ্য আশ্বাস দিলেন, পরের ম্যাচের আগেই মিটমাট হয়ে যাবে সব, ‘আসলে কোচের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব বেঁধে দেওয়া আছে। খেলোয়াড়দেরও। কোচ কোচের কাচ করবেন, খেলোয়াড়েরা তাঁদের।’প্রথম দুই ম্যাচে কেনিয়া হেরেছে, এতে ইনামদারের আপত্তি নেই। তবে বোর্ড প্রধান মনে করছেন, হারার ধরন ছিল একেবারে বাজে। সামান্য লড়াইও করতে পারেনি একসময় বড় বড় অঘটন ঘটিয়ে ফেলত যে কেনিয়ানরা। ‘বোর্ড, ব্যক্তিগতভাবে আমি নিজেও খুবই হতাশ। নিউজিল্যান্ড আর পাকিস্তানের মতো দলের কাছে হারায় দুঃখ নেই। ওরা তো আমাদের চেয়ে অনেক ভালো দল। কিন্তু আমাদের লড়াই অন্তত করা উচিত ছিল।’শুধু ব্যাটিং নয়, বোলিংও হচ্ছে একদমই জঘন্য। পাকিস্তানের বিপক্ষে ৩৭টি ওয়াইড দিয়েছেন বোলাররা। ওয়ানডেতে যেটি সবচেয়ে বেশি ওয়াইড দেওয়ার রেকর্ড। সব মিলে ওই ম্যাচে ৪৬টি অতিরিক্ত রান দিয়েছে তারা। রয়টার্স।