কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ কেপি
গত কয়েক সপ্তাহের ঘটনা তাঁর ইংল্যান্ড-ক্যারিয়ারের সামনে বড় একটা প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে। কেভিন পিটারসেনের ক্যারিয়ারটাকে আরও অনিশ্চয়তায় ঢেকে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি। ২০১২-১৩ মৌসুমের জন্য কাল ১০ ক্রিকেটারকে নিয়ে নতুন যে চুক্তি ঘোষণা করেছে ইসিবি, তাতে পিটারসেনের নাম নেই!গত মাসে সতীর্থদের সম্পর্কে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ‘উদ্দীপনামূলক’ বার্তা পাঠানোর মতো বিতর্কিত কাজও করেছেন। ফলাফল, পিটারসেন বাদ পড়েন লর্ডসের তৃতীয় টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তো ছিলেনই না, পিটারসেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পাননি। এবার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ।২০০৬ সাল থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা পিটারসেন বেতন পেতেন সর্বোচ্চ ক্যাটাগরিতে। ধারণা করা হয়, বছরে তাঁর মূল বেতনই ছিল ৪ লাখ ডলারের বেশি! এএফপি, ওয়েবসাইট।