কেন্দ্রীয় চুক্তি বদলাচ্ছে সিএ
ক্রিকেটে টাকার আকাল আর নেই। কোটি কোটি ডলার, পাউন্ড, রুপি উড়ছে এখন ক্রিকেটে। শুধু জাতীয় দলের হয়ে খেলেই কোটিপতি হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।তার পরও তারা সন্তুষ্ট নন। আইপিএলের মতো চকচকে আসরের টানে জাতীয় দলকে ভুলে যাচ্ছেন অনেকে। এই স্রোতে বাধা দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা বলছে, এই কেন্দ্রীয় চুক্তিটাই ক্রিকেটারদের সন্তুষ্ট হওয়ার মতো আধুনিক নয়, এবার ‘সেকেলে’ চুক্তিটার কাঠামোই বদলাতে হবে।সিএর কেন্দ্রীয় চুক্তির কিছু দুর্বলতা বেরিয়ে এসেছে সম্প্রতি। টি-টোয়েন্টি দলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও বর্তমান চেহারার কেন্দ্রীয় চুক্তিতে কোনো জায়গাই হওয়ার কথা না ডেভিড ওয়ার্নারের। আবার টেস্ট থেকে সরে দাঁড়ানোয় বেতন কমে যাওয়ার সম্ভাবনা ছিল ব্রেট লির। কারণ এখনকার চুক্তিতে টি-টোয়েন্টি ফরম্যাটই বিবেচিত হয়নি। সিএর ক্রিকেট অপারেশনস মহাব্যবস্থাপক মাইকেল ব্রাউন জানিয়েছেন, এবার চুক্তিতে টেস্ট ও সীমিত ওভারের খেলোয়াড়দের আলাদা আলাদা র্যাঙ্কিংয়ের ব্যবস্থা করা হবে। তাঁর মতে বদলে যাওয়া সময়কে ধরতে নতুন চুক্তি কাঠামো করার বিকল্প নেই। ওয়েবসাইট।