কেপ ভার্দের বিপক্ষে পর্তুগালের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল কেপ ভার্দের কাছে আটকে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল সোমবার অনুষ্ঠিত ওয়ার্মআপ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ের ১১৭তম দলটির সঙ্গে গোলশূন্য ড্র করতে হয়েছে তৃতীয় স্থানে থাকা পর্তুগালকে। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ওড়ার আগে ১ জুন ক্যামেরুনের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে অংশ নেবে পর্তুগাল।ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানোর রোনালদোর ওপর ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে পর্তুগাল। কিন্তু গতকালের ম্যাচের পর বিশ্বকাপে পর্তুগিজদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠা স্বভাবিক। গ্রুপ অব ডেথখ্যাত ‘জি’ গ্রুপে পর্তুগালের প্রধান প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও উত্তর কোরিয়া।কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে কেবল হতাশা কুড়িয়েছেন পর্তুগালের ফুটবলারেরা। দুর্বল হলেও কেপ ভার্দের রক্ষণভাগকে ভেঙে কোনো গোল করতে পারেননি রোনালদোরা। বেশ কয়েকটি সুযোগ অবশ্য তাঁরা পেয়েছিলেন। কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি তাঁরা।লজ্জাজনক পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে সাফাই গাইছেন পর্তুগালের আক্রমণভাগের প্রধান রোনালদো। এ ড্রকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি বলছেন, ‘আমরা এখনো শুরুর পর্যায়ে আছি। এখনো নিজেদের প্রস্তুত করছি। তাই এই ড্রকে আমরা খুব বেশি খারাপ চোখে দেখছি না। দক্ষিণ আফ্রিকায় অবশ্যই আমরা এর চেয়ে ভালো করব।’রোনালদোর মতো আত্মপক্ষ সমর্থনের সুর কোচ কার্লোস কুইরোজের কণ্ঠেও। কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ নন বলে দাবি করছেন তিনি। কুইরোজ বলছেন, ‘এটা কেবলই অনুশীলন ম্যাচ! মাত্র কয়েক দিন হলো আমরা একত্রিত হয়েছি। এখনই খুব বেশি প্রত্যাশা করা ঠিক হবে না।