কেপ ভার্দের রূপকথা
এবার আফ্রিকান নেশনস কাপের বড় চমক কেপ ভার্দে। ফুটবলে আটলান্টিক মহাসাগরের ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের ঐতিহ্য নেই। কিন্তু এই দেশই ক্যামেরুনের মতো ফুটবলশক্তিকে হারিয়ে টিকিট পেয়ে গেছে চূড়ান্ত পর্বের। আজ অভিষেকও হয়ে যাচ্ছে তাদের। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আয়োজক দেশের ৯০ হাজার দর্শকের সামনে কেপ ভার্দের ফুটবল দলটি না ঘাবড়ে যায়! যে দেশটির জনসংখ্যা টেনেটুনে পাঁচ লাখ, তাদের ফুটবল দলের এত বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাই তো নেই।আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ৫৭০ কিলোমিটার দূরের ১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশের আয়তন মাত্র ৪০৩৩ বর্গকিলোমিটার। বিশ্ব মানচিত্রে যেমন, ফুটবল মানচিত্রেও তেমনি বিন্দুর মতো অবস্থান ছিল সাবেক পর্তুগিজ উপনিবেশটির। এবারই প্রথম ফুটবলের কুলীন কূলে তাদের নাম উঠল। যদিও ফিফা র্যাঙ্কিংয়ের ৭০ নম্বরে থাকা দলটির পরোক্ষ অবদান কম নেই ফুটবলে। ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানি, সুইডেনের সাবেক অধিনায়ক হেনরিক লারসন ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় প্যাট্রিক ভিয়েরার সঙ্গে জন্মসূত্রে কোনো না কোনোভাবে জড়িয়ে কেপ ভার্দের নাম। এঁরা ইচ্ছা করলেই খেলতে পারতেন দেশটির হয়ে। প্রপিতামহীর সূত্রে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও দেশটির সম্পর্ক আছে।এত দিন এই তারকাদের নিয়েই গর্ব করত কেপ ভার্দিয়ানরা। আজ তারা গর্বিত নিজেদের খেলোয়াড়দের নিয়েই। ১০ বছর আগেও ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৫ নম্বরে থাকা দেশটির উত্থানে বড় অবদান কোচ লুসিও আন্তুনেসের। ২০০৯ সালে দেশটির অনূর্ধ্ব-১৯ দলকে পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর ফুটবল টুর্নামেন্ট (যদিও ব্রাজিল ছিল না) জিতিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সেই দলেরই বেশির ভাগ খেলোয়াড় আছেন তাঁদের আফ্রিকান নেশনস কাপের দলে।দলের সাফল্যে অভিবাসী ফুটবলারদেরও অনেক অবদান। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কেপ ভার্দিয়ানদের জড়ো করেই সাজানো হয়েছে জাতীয় দল। ২৩ জনের দলের মাত্র একজনই ঘরোয়া ফুটবল খেলেন কেপ ভার্দে আইল্যান্ডে। বাছাইপর্বে ক্যামেরুনকে হারানোটা যে অঘটন ছিল না, গত সপ্তাহে প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে সেটি বুঝিয়ে দিয়েছে দলটি। মূল প্রতিযোগিতার জন্য তারা কী চমক জমিয়ে রেখেছে, কে জানে! ওয়েবসাইট।