কেপ ভার্দের স্বপ্ন ছোঁয়া
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন। ম্যাচ নিয়ে কথা থামিয়ে ভার্দের কোচ লুসিও আন্তুনেস হঠাত্ই গেয়ে উঠলেন, ‘দ্য বায়োগ্রাফি অব এ ক্রিওলো।’ কেপ ভার্দের মানুষের জীবনের গান। পরম আনন্দের মুহূর্তে পর্তুগিজ ভাষার এ গানটিই গেয়ে থাকে কেপ ভার্দের মানুষ।এখন তো কেপ ভার্দের মানুষের আনন্দে ওই গানটি গাওয়ারই সময়। ইতিহাসে প্রথমবার আফ্রিকান নেশনস কাপ খেলতে এসেই স্বপ্নকে হাতের মুঠোয় পুরে ফেরেছে কেপ ভার্দে। পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-১ গোলে হারিয়ে পা রেখেছে কোয়ার্টার ফাইনালে।পাঁচ লাখ মানুষের ছোট্ট এই দ্বীপরাষ্ট্র চারবারের চ্যাম্পিয়ন ক্যামেরুনকে বিদায় করে প্রথমবার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েই ইতিহাস গড়েছে। টুর্নামেন্ট শুরুর আগে কেপ ভার্দের কোচ জানিয়ে দেন তাঁর স্বপ্নের কথা, দলকে নিয়ে যেতে চান কোয়ার্টার ফাইনালে। তখন অনেকে মুখ টিপে হাসলেও আন্তুনেসের শিষ্যরা নিজেদের সামর্থ্য প্রমাণ করে ঠিকই পূরণ করল কোচের স্বপ্ন।স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ১৯৭৬ সালের চ্যাম্পিয়ন মরক্কোর সঙ্গে ড্রয়ের পর পরশু পিছিয়ে পড়েও অ্যাঙ্গোলাকে হারিয়েছে ২-১ গোলে। অথচ স্বপ্নটাকে নিজেরাই কঠিন করে ফেলেছিল কেপ ভার্দে দল। ৩৩ মিনিটে কেপ ভার্দে ডিফেন্ডার নান্দো আত্মঘাতী গোল করে এগিয়ে দেন অ্যাঙ্গোলাকে। কিন্তু শেষ ৯ মিনিটে ২ গোল করে কেপ ভার্দেকে ইতিহাসের পাতায় তুলে দেন ভারেলা ও হেলডন।ম্যাচ শেষে আবেগের কাছে হার মানা আন্তুনেস শুধু গানই গাইলেন না, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘এটা ঐতিহাসিক গান। আমার দল এবং আমি এই জয়টা কেপ ভার্দে আইল্যান্ডের চমত্কার মানুষদের উত্সর্গ করতে চাই। এই টুর্নামেন্টে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম।’গ্রুপ ‘এ’ থেকে শেষ আটে কেপ ভার্দের সঙ্গী দক্ষিণ আফ্রিকা। যারা মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। এএফপি, রয়টার্স।