কেপটাউনে আগুনের আঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, ওয়ার্ন-ভক্তরা আশায় বুক বাঁধবেন না। ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ান কিংবদন্তির। দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় কাজ করছেন স্পিন বোলিং পরামর্শক হিসেবে। ওয়ার্নের কাছ থেকে লায়নরা কতটুকু কী শিখলেন সেটা হয়তো দেখা যাবে কেপটাউনেই! ওয়েবসাইট
না, ওয়ার্ন-ভক্তরা আশায় বুক বাঁধবেন না। ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ান কিংবদন্তির। দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় কাজ করছেন স্পিন বোলিং পরামর্শক হিসেবে। ওয়ার্নের কাছ থেকে লায়নরা কতটুকু কী শিখলেন সেটা হয়তো দেখা যাবে কেপটাউনেই! ওয়েবসাইট

এশিয়া কাপের উত্তেজনায় বুদ পুরো উপমহাদেশ। এর মধ্যেও নিশ্চয় ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি থাকবে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সেখানে আজ থেকে যে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার আগুনে লড়াই।

দুরন্ত ফাস্ট বোলিং, অসাধারণ ব্যাটিং লাইনআপ, লড়াকু মানসিকতা। দুই দেশের টেস্ট দ্বৈরথ অনেক দিন ধরেই ক্রিকেটামোদীদের মনের খোরাক। কেপটাউনে টেস্টে আগুন ঝরার আভাস আরও বেশি। সামগ্রিক প্রেক্ষাপটই সিরিজের তৃতীয় এই টেস্টের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

মিচেল জনসনের রুদ্ররোষে সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে ২৮১ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়িয়ে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২৩১ রানে। তিন টেস্টের সিরিজের মীমাংসা হতে পারে কেপটাউনেই। দুই দলই তাই নামছে জয়ের তৃষ্ণায়।

দক্ষিণ আফ্রিকানদের জয়ক্ষুধাটা বেড়ে যাচ্ছে অন্য একটা কারণেও। নির্বাসন কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর বাকি সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই হোম এবং অ্যাওয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ব্যতিক্রম শুধু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে দুবার হারালেও নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকানরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি এখনো। এর আগের ছয়টি সিরিজের চারটিই জিতে ফিরেছে অস্ট্রেলিয়া, বাকি দুটি হয়েছে ড্র। সুযোগ যখন এসেই গেছে, এবার যে করেই হোক স্মিথের দল অতৃপ্তিটা মুছে ফেলতে চায়।

স্মিথের দলকে আত্মবিশ্বাসী করছে কেপটাউনের নিউল্যান্ডসও। নিজেদের মাঠে অস্ট্রেলিয়া যদি তাদের জন্য অপয়া হয়, নিউল্যান্ডসকে বলতে হবে মহাপয়া! ১৯৯১ সালের পর এখানে খেলা ২৬টি টেস্টের মধ্যে ১৮টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালের পর হারেনি একবারও। ১০ টেস্টের ৮টিতেই জয়, যার দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও।

এবারও সে রকম কিছুই চাইছেন স্মিথরা। তবে একটা সমস্যাও আছে। সেই সমস্যাটা অবশ্য মধুরই। কাকে রেখে কাকে খেলাবেন সেই সিদ্ধান্ত নিতেই নির্বাচকদের গলদঘর্ম অবস্থা। চোটের কারণে ওয়েইন পারনেল ছিটকে পড়েছেন। তাঁর জায়গায় একজন অলরাউন্ডার খেলানো হবে নাকি স্পেশালিস্ট বোলার, প্রোটিয়াদের কাছে সেটাই বড় প্রশ্ন। অসুস্থতার কারণে পোর্ট এলিজাবেথে খেলতে না পারা আলভিরো পিটারসেন ফিরেছেন।

টেস্টটাকে অস্ট্রেলিয়ানরা কতটুকু গুরুত্বের সঙ্গে নিচ্ছে, সেটা মাইকেল ক্লার্কের কথাতেই স্পষ্ট। অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় টেস্ট। সেই মহাগুরুত্বপূর্ণ টেস্টে ক্লার্ক স্বস্তি দিয়ে দলে ফিরে এসেছেন শেন ওয়াটসন। তবে অস্ট্রেলিয়ান শিবিরে একটা অস্বস্তিও তাড়া করে ফিরছে। আগের টেস্টে ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ এনে জরিমানা গুনতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ক্লার্ক নিজেও ওয়ার্নারের মন্তব্যে হতাশ। কে জানে আবার ওয়ার্নার-বিতর্কটাই অস্ট্রেলিয়ার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে যায় কি না। এএফপি।