কেপি এখনো আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন

ইংল্যান্ড তাঁকে বাতিল করে দিলেও কেভিন পিটারসেনের স্বপ্নগুলো এখনো তাজা! বহুবার বলেছেন, ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড গড়তে চান। প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ছুঁতে চান ১০ হাজার রানের মাইলফলক। মনে হচ্ছিল স্বপ্নের অপমৃত্যু হয়ে গেছে গত ফেব্রুয়ারিতে, পিটারসেনের সঙ্গে ইসিবির সম্পর্কচ্ছেদের ঘোষণায়। কিন্তু আইপিএল খেলতে ভারতে গিয়ে চমকে দিলেন পিটারসেন, এখনো বাঁচিয়ে রেখেছেন টেস্ট খেলার আশা!
ইংল্যান্ড পিটারসেনের কদর না বুঝলেও কদর করার লোকের অভাব নেই। টি-টোয়েন্টি লিগগুলোয় আগেও তিনি ছিলেন ‘হটকেক’, জাতীয় দলের খেলা না থাকায় এখন তো চাহিদা বেড়েছে আরও। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেবেন এবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রামিকে খেলবেন সেন্ট লুসিয়ায়। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারহীন জীবনের জন্য পুরোপুরি প্রস্তুত ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। তবে আশার তরির হাল ছাড়েননি এখনো, ‘হ্যাঁ, স্বপ্ন এখনো আছে। হয়তো এত কিছুর পরও আমি ১০ হাজার টেস্ট রান ছুঁতে পারব।’ ১০৪ টেস্টে পিটারসেনের রান এখন ৮১৮১।
কদিন আগে শোনা গেল, প্রিয় বন্ধু ও টিভি উপস্থাপক পিয়ার্স মরগানের শোতে ইংল্যান্ড-অধ্যায় শেষ হওয়া নিয়ে সব খুলে বলবেন পিটারসেন। নভেম্বরে আসছে তাঁর আত্মজীবনী, সেই সময়েই অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা। তবে তাঁকে নিয়ে প্রচলিত নানা কথার জবাব টুকটাক দিতে শুরু করেছেন এরই মধ্যে। সতীর্থদের সঙ্গে সুসম্পর্ক ছিল না বলে যে গুজব, সেটির জবাবে বলেছেন, ‘আসলে এটি সাধারণ্যের ধারণার বিপরীত, ইংলিশ ড্রেসিংরুমের বেশির ভাগের সঙ্গেই আমার দারুণ সম্পর্ক। আমি সব সময়ই দলের ভালো-মন্দ দেখাশোনা করতে পছন্দ করি। কেউ কোনো সমস্যায় পড়লে সবার আগে আমিই গিয়ে সাহায্য করার চেষ্টা করি।’
পিটারসেনের দাবি, জোনাথন ট্রটের সমস্যাও তিনিই আগে ধরতে পেরেছিলেন, ‘ট্রট নিজেই বলেছে যে আমিই প্রথম ওর সমস্যাটা বুঝতে পেরেছিলাম। আমি ওকে গিয়ে বলেছিলাম, শান্ত হতে, এত চাপ না নিতে।’ খুদে বার্তা বিতর্কে জড়ানোর সময়কার অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকেও বন্ধু দাবি করলেন কেপি, ‘অ্যান্ড্রু স্ট্রাউস আমার খুব ভালো বন্ধু। ওই সময় আমি খুব বাজে অবস্থায় ছিলাম। সম্পর্কটা তখন খুব ভালো ছিল না। ওটা ওভাবে ছড়িয়ে পড়া ঠিক হয়নি, খুব ফালতু ব্যাপার হয়েছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ সেটি।’ এএফপি।