কেপি ক্রিকেটের মোহাম্মদ আলী!
কোনো কূটনীতির ধার না ধেরে অকপটে মনের কথা বলে ফেলা। এ নিয়ে কম ঝামেলায় পড়েননি কেভিন পিটারসেন। সর্বশেষ তাঁর এসএমএস-কাণ্ডে জাতীয় দলের ক্যারিয়ারই শেষ হতে বসেছিল। দল তো বটেই, কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। তবে কেপি জাতীয় দলে ফিরেছেন আবারও। স্বল্প মেয়াদের হলেও কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হয়েছে। অবশ্য আসল ফেরাটা তাঁর মাঠেই হবে বলে ধারণা ভিভ রিচার্ডসের। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি রিচার্ডস মনে করেন, ‘ঝামেলা’র ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার দুঃসাহস পিটারসেনের আছে বলেই তিনি এসবের তোয়াক্কা করেন না। এইখানেই কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে কেপির মিল খুঁজে পান রিচার্ডস।ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানকে এককালের এই মারকুটে ব্যাটসম্যান বলেছেন, ‘কেভিন অসাধারণ খেলোয়াড়। কিন্তু সব সময়ই এমন কিছু বলে যেটা ওকে ঝামেলায় ফেলে। আগেকার দিনে মোহাম্মদ আলী ছিলেন এ রকম। তাঁর কথা ও আচরণের কারণে অনেকেই চাইত আলী যেন ধরাশায়ী হন। কিন্তু তিনি ছিলেন গ্রেট এক বক্সার।’আলী যেমন নিজের কথার ধার বক্সিং রিংয়েও ধরে রাখতে জানতেন, সেই একই কায়দা জানা আছে ২২ গজি ‘বক্সিং রিংয়ে’ নামা পিটারসেনেরও। এ কারণেই দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যাটসম্যানকে ‘ক্রিকেটের আলী’ মনে হয় রিচার্ডসের কাছে, ‘আমি এমন বলছি না, কেপি একেবারে আলীর মতোই। তিনি তো ছিলেন সর্বকালেরই সেরা। তবে কেপির আচরণের কারণেও অনেকেই চায়, সেও যেন কাবু হয়। কিন্তু ওর মধ্যে সেই বিশেষ গুণ (এক্স-ফ্যাক্টর) আছে বলেই সে সেটার দারুণ পাল্টা জবাবও দিয়ে দেয়।’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করার পরও বাদ পড়েছিলেন লর্ডস টেস্টে। কারণ ছিল তখনকার অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে নিয়ে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের কাছে পাঠানো আপত্তিকর খুদেবার্তা। এরপর ইংলিশ ক্রিকেটে অনেক জল গড়িয়েছে। স্ট্রাউস অবসর নিয়ে ফেলেছেন। অ্যালিস্টার কুকের কাঁধে সঁপেছে নেতৃত্ব। ভারত সফরের জন্য ঘোষিত দলে নামও ছিল না কেপির। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বিপক্ষীয় ‘সমঝোতা’র পর সেই পিটারসেন এখন ভারত সফরে।রিচার্ডস বলেছেন, পিটারসেনের শূন্যতা পূরণের সাধ্য ইংল্যান্ডের নেই বলেই বোর্ড বাধ্য হয়েছে শান্তির পতাকা ওড়াতে, ‘এত দূর থেকে যখন দেখি, ওকেই ওর সবচেয়ে বড় শত্রু মনে হয়। কিন্তু এও অস্বীকার করার উপায় নেই ওর খেলা দেখতে কত ভালো লাগে এবং ইংল্যান্ডের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।