কেপিকে নিয়ে স্ট্রাউসের শঙ্কা
সমস্যা আপাতত মিটেছে। ভারত সফরের ইংল্যান্ড দলেও নেওয়া হয়েছে কেভিন পিটারসেনকে। কিন্তু ইংল্যান্ড দল কি সুখী পরিবার হতে পারবে? অ্যান্ড্রু স্ট্রাউসের কিন্তু যথেষ্টই শঙ্কা আছে। সদ্য সাবেক অধিনায়ক মানছেন, ‘নিবেদিত’ পিটারসেন ইংল্যান্ডের জন্য অপরিহার্য। কিন্তু সমস্যাগুলো পুরোপুরি সমাধান না হলে কেপিকে নিয়ে সামনে আবার বিপদই দেখছেন স্ট্রাউস।গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্রাউস বলেছেন তাঁর শঙ্কার কথা, ‘ড্রেসিংরুমে সবাই যদি সুখী থাকে, তাহলে ইংল্যান্ড ভালো খেলবে। কিন্তু সমস্যাগুলো যদি সমূলে উৎপাটন করা না হয়ে থাকে, তা হলে সমস্যা। সত্যি বলছি, খুব বড় সমস্যা অপেক্ষা করছে। সমস্যা পুরোপুরি মিটমাট করতে পারলে কেপিকে নিয়ে দল আরও ভালো করবে। কারণ, ও অসাধারণ এক ক্রিকেটার। কিন্তু যদি কোনো তিক্ততা এখনো লুকিয়ে থাকে এবং ইংল্যান্ডের প্রতি কেপির পূর্ণ নিবেদন না থাকে, তা হলে আবার ঝামেলা হবে।’অবসর ঘোষণা দেওয়ার আগে দলের সবাইকে আলাদা করে চিঠি দিয়েছেন স্ট্রাউস। তবে স্বীকার করেছেন, পিটারসেনকে দেননি। বরং একটি খুদে বার্তা পাঠিয়ে লিখেছিলেন, ‘দুজনের জন্যই সময়টা বড় অদ্ভুত। অনেক কিছুই হচ্ছে এবং আমরা দুজনই দুজন থেকে বিচ্ছিন্ন।’ ওয়েবসাইট।