কেপিকে পেয়ে উচ্ছ্বসিত কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউস শঙ্কিত। কেভিন পিটারসেনকে দলে নেওয়া হয়েছে বটে, কিন্তু সদ্য সাবেক অধিনায়ক বলছেন, সমস্যা সমূল উৎপাটন করা না হলে সামনে আবার বিপদ আছে। ম্যাট প্রায়র আবার আশাবাদী, সবকিছু নতুন করে শুরু হবে। আশাবাদীদের দলে অ্যালিস্টার কুকও। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরুর সময়টায় পাশে পিটারসেনকে পেয়ে উচ্ছ্বসিত কুক। ভারতে চার টেস্ট ও দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে পরশু দেশ ছেড়েছে ইংল্যান্ড। ক্রিসমাসের বিরতিতে দেশে ফেরার পর জানুয়ারিতে হবে ওয়ানডে সিরিজ। তবে দেশ ছাড়লেও এখনই ভারতে যাচ্ছেন না কুকরা। দুবাইয়ে আইসিসি গ্লোবাল ক্রিকেট একাডেমিতে নিবিড় অনুশীলন হবে তিন দিন। এরপর ২৯ অক্টোবর ভারতে পা রাখবে ইংলিশরা। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে দক্ষিণ আফ্রিকায় থাকা পিটারসেন সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ভারতে।অধিনায়ক নির্বাচিত হওয়ার পরপরই কুক বলেছিলেন, নতুন অভিযানে পিটারসেনকে তাঁর প্রয়োজন। নানা ঘটনাপ্রবাহের পর পূরণ হয়েছে কুকের ইচ্ছা। ভারতে কঠিন লড়াইয়ে পিটারসেনের মতো সাহসী এক সৈনিককে পেয়ে সাহস বেড়ে যাচ্ছে ইংলিশ অধিনায়কের, ‘গোটা দলের জন্যই গত দুই মাস ছিল কঠিন সময়, তবে অধিনায়ক হিসেবে সম্ভবসেরা ফলাফলটাই আমি পেয়েছি। অসাধারণ একজন ক্রিকেটারকে দলে ফিরে পেয়েছি আমরা। কেভিনের জন্যও এই দুই মাস ছিল খুব কঠিন, কিন্তু এখন ওকে সত্যিই অনুতপ্ত মনে হচ্ছে। ইংল্যান্ড দলে ফিরতে, অনেক অনেক রান করতে মরিয়া মনে হয়েছে ওকে। অধিনায়ক হিসেবে এটাই তো আমার চাওয়া!’নতুন শুরুর কথা বলছে সবাই। কিন্তু বললেই কি আর সব ভুলে যাওয়া যায়! পিটারসেনের সঙ্গে সোয়ান-ব্রডদের দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্য হয়েছে, তাতে ইংল্যান্ড ড্রেসিংরুম এক পরিবার হতে পারবে কি না, সেই শঙ্কা থাকছেই। তবে দলীয় সৌহার্দ্যকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন অধিনায়ক কুক, ‘আমরা অবশ্যই জানি আর সবকিছু চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় চেতনা ও সম্প্রীতি। গত বছর দুয়েক আমাদের সাফল্যের মূল কারণও ছিল এটাই। আমরা জানি সেটাকে আগের অবস্থায় আনতে এবং দলে রাখতে হলে কতটা ঝক্কি পোহাতে হবে। তবে সবাই একাত্ম হয়ে পারফর্ম করতে পারে, এমন স্পিরিট ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।ভারত সফরকে প্রায়রের মতো ‘ফাইনাল ফ্রন্টিয়ার’ বলেননি কুক, তবে মানছেন অপেক্ষা করছে শক্ত চ্যালেঞ্জ, ‘সত্যিকারের কঠিন এক চ্যালেঞ্জ আমাদের সামনে। প্রায় ৩০ বছর হয়ে গেল ভারতে আমরা সিরিজ জিততে পারিনি, এটাই বলছে চ্যালেঞ্জটা কত কঠিন। তবে আমার বিশ্বাস, এ দলটা বিশেষ কিছু করতে পারবে।’ ওয়েবসাইট।