কেপিকে শীর্ষে দেখতে চান ফ্লাওয়ার
ভাঙা মন আর ভাঙা কাচ নাকি জোড়া লাগে না। কিন্তু অ্যান্ডি ফ্লাওয়ারের কথা শুনে মনে হচ্ছে তত্ত্বটা ভুল। অন্তত কেভিন পিটারসেনের (কেপি) সঙ্গে তাঁর সম্পর্কটা ভালোমতোই জোড়া লেগেছে। পিটারসেনের শুভাকাঙ্ক্ষী হিসেবেই দেখা দিলেন ইংল্যান্ডের কোচ।পিটারসেন অধিনায়ক থাকার সময় তখনকার কোচ পিটার মুরস আর তাঁর সহকারী ফ্লাওয়ারকে ছাঁটাই করার পরামর্শ দিয়ে চিঠি লিখেছিলেন ক্রিকেট বোর্ডকে। সেই চিঠি ফাঁস হয়ে যাওয়ার পর মুরসের চাকরি ‘নাই’ হয়ে যায়, পাশাপাশি পিটারসেনও অধিনায়কত্ব হারান; কালক্রমে ফ্লাওয়ার পদোন্নতি পেয়ে সহকারী থেকে হয়ে যান মূল কোচ।অতীত পেছনে ফেলেই দুজনে কাজ করছেন একসঙ্গে। ফ্লাওয়ার যেমন এখন বলছেন, পিটারসেনের সামনে সুযোগ এসেছে শুধু নিজের ব্যাটিং নিয়ে ভাবার, র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি দখল করার। ইংল্যান্ডকে আবারও নেতৃত্ব দিতে চান—এ কথা খোলাখুলিই বলেছেন পিটারসেন। কিন্তু তিন অধিনায়কের যুগেও সেই চাওয়া পূরণ হয়নি তাঁর। ফ্লাওয়ারও খোলাখুলি বললেন, ‘আগামী কয়েক বছরের জন্য নেতৃত্বে নিজেকে খুঁজে না পেয়ে কেভিন হয়তো হতাশই হবে। তবে আমরা কিন্তু চাই, ও ব্যাটসম্যানদের মধ্যে নেতৃত্ব দিক, শুধু আমাদের দলে নয়; বিশ্ব ক্রিকেটেই। ও খুবই উচ্চাভিলাষী। সেটিই ওর মাহাত্ম্য। অসাধারণ এক প্রতিভা ও। বিশ্বের সেরা যদি না-ও হতে পারে, অন্যতম সেরা হওয়া তো অবশ্যই সম্ভব। আমরা চাই, ও নিজেদের আসল রূপটা ফিরে পাক। এতে ও যেমন তৃপ্ত বোধ করবে, আমরাও ম্যাচ জিতব।’আসলেই পিটারসেনের আসল চেহারাটা ফিরে পাওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। টেস্টে গত ৩২ ইনিংসে মাত্র একটি সেঞ্চুরি তাঁর। ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পাননি দুই বছর পেরিয়ে গেল। এমনও শোনা যাচ্ছে, কদিন পরই ৩২-এ পা দিতে চলা পিটারসেন নাকি ওয়ানডে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।ফ্লাওয়ার সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বললেন, ‘পরবর্তী কয়েক বছরে আমাদের সাফল্যের অন্যতম কারিগর হয়ে উঠবে ও।’ ওয়েবসাইট।