কেপিকে স্বাগতই জানাবেন ব্রড
কেভিন পিটারসেনের ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। হয়তো শিগগিরই আবার তাঁকে দেখা যাবে ইংল্যান্ডের পোশাকে। কিন্তু তাল একবার কেটে গেলে মেলানো মুশকিল। অভিযোগ পাল্টা-অভিযোগে সতীর্থদের সঙ্গে পিটারসেনের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা সহজে ঘোচার নয়। অনেকের শঙ্কা, কেপি ফিরলে ইংল্যান্ডের ড্রেসিংরুম না আবার ‘যুদ্ধক্ষেত্র’ হয়ে ওঠে!‘যুদ্ধ’ লাগতে পারে যে দু-একজনের সঙ্গে, তাঁদের একজন স্টুয়ার্ট ব্রড আশ্বস্ত করছেন, কোনো সমস্যা হবে না। তিনি নিজে ও বাকি সবাই নাকি স্বাগতই জানাবেন পিটারসেনকে, ‘ওর সঙ্গে খেলতে বা একসঙ্গে বসে বিয়ার খেতে আমার কোনো সমস্যা নেই। এটা কোনো ব্যাপারই না। ইংল্যান্ড ম্যানেজমেন্ট যখন ঠিক করবে ওকে ফেরানো হবে, ড্রেসিংরুমে ওকে স্বাগতই জানানো হবে। ওর ফেরায় দলের কোনো সমস্যা নেই। তবে ব্যাপারটা এখন ম্যানেজমেন্টের হাতে। পর্দার আড়ালে আলোচনা চলছে। কিন্তু দলের দিক থেকে ওকে মেনে নেওয়াটা কঠিন কিছু হবে না। দিন শেষে আমরা ক্রিকেট খেলি জয়ের জন্য এবং চাই দলে এমন কেউ খেলুক যে রান করে ও ক্যাচ নিয়ে দলকে জেতাবে। আমাদের ড্রেসিংরুম সংহতি নিয়ে আমরা গর্ব বোধ করি। আমি নিশ্চিত যখনই ও ফিরুক, দলের ভেতর সবকিছু ঠিকই থাকবে।’পিটারসেনের সঙ্গে ব্রড-সোয়ানদের সম্পর্কটা অনেক দিন ধরেই শীতল। সাম্প্রতিক বিতর্কে নাম জড়িয়েছিল ব্রডেরও। কেপির দৃঢ়বিশ্বাস, আলোচিত প্যারোডি টুইটারে ভূমিকা ছিল ব্রডের। পরে প্রমাণিত হয়েছে, ওই অ্যাকাউন্টটি ব্রডের ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড বেইলির। ব্রড যদিও নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন, কিন্তু সম্পর্কের ক্ষতটা এখনো থাকার কথা।তবে বৃহত্তর দৃষ্টিভঙ্গি দেখিয়ে ব্রড যেন সেটা আড়াল করতে চাইলেন, ‘আমরা জানি, কেপি একজন গ্রেট ক্রিকেটার। অনেক পুরস্কার জিতেছে ও ম্যাচ জিতিয়েছে আমাদের। ইংল্যান্ড দলে খুব ভালো একজন সতীর্থও, অন্তত আমি যত দিন ধরে খেলছি। আমরা জানি, কেপি যখন ইংল্যান্ডের হয়ে খুশি মনে খেলে, তখন ও খুব বিপজ্জনক এক ব্যাটসম্যান।’কলিংউডের নেতৃত্বে পাওয়া বিশ্ব টি-টোয়েন্টির শিরোপা ব্রডের নেতৃত্বে কদিন আগে খোয়াল ইংল্যান্ড। সেবার টুর্নামেন্ট-সেরা হওয়া পিটারসেন ছিলেন না এবারের দলে। প্রশ্ন উঠছে, পিটারসেনের না-থাকা পার্থক্য গড়ে দিয়েছে কি না। ব্রডও যেন পরোক্ষে স্বীকার করে নিলেন, ‘জুনে যখন শুনলাম কেপি সাদা বলে আর খেলবে না, আমার জন্য সেটা ছিল বড় এক ধাক্কা। কারণ শিরোপা ধরে রাখার মিশনে অবিচ্ছেদ্য অংশ ছিল ও। টপ-অর্ডারে ওর মতো অভিজ্ঞ একজনকে মিস করিনি, এটা বলা আমার জন্য কঠিনই হবে।’ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক কথা বললেন সদ্য সাবেক আর নতুন টেস্ট অধিনায়ককে নিয়েও, ‘অ্যান্ড্রুর (স্ট্রাউস) বিদায় বড় এক বিস্ময় হয়ে এসেছিল, কারণ আমি ভেবেছিলাম আগামী অ্যাশেজ পর্যন্ত ও থাকবে। আর সবকিছুর মতোই বিদায়বেলায়ও নিজের জাতটা চিনিয়েছ ও। আলাদা করে চিঠি লিখেছে আমাদের সবাইকে। অসাধারণ এক নেতা ছিল ও। তবে এখন সময় কুকের নেতৃত্বে সামনে তাকানোর। আমার বিশ্বাস, কুক দারুণ এক অধিনায়ক হবে।’ ওয়েবসাইট।