দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি পেয়ে বসেছিল। সিডনি বিমানবন্দরে নেমেই তাই কেভিন পিটারসেন ভাবলেন কান্তাস এয়ারওয়েজের লাউঞ্জে একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু কান্তাস কর্তৃপক্ষ তাঁকে ঢুকতেই দিল না! কেন? পোশাকবিধি নাকি ঠিক ছিল না সাবেক ইংলিশ ব্যাটসম্যানের। চপ্পল পায়ে গিয়েছিলেন তিনি, যা অনুমোদিত নয় কান্তাস লাউঞ্জে। অপমানিত হয়ে ঝাল ঝাড়ার জন্য কেপি বেছে নিলেন টুইটার। কান্তাসের উদ্দেশে লিখলেন, ‘আপনাদের উচিত প্লাটিনাম আর প্রথম শ্রেণির যাত্রীদের আগেই বলে দেওয়া যে এই লাউঞ্জে চপ্পল পায়ে যাওয়া যাবে না। যত সব নাচের পুতুলের দল!’ অবশ্য বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া এই ইংলিশ ক্রিকেটারের টুইটের জবাব দিয়েছে কান্তাসও। পাল্টা যুক্তি দেখিয়ে তারা লিখেছে, ‘কেভিনের জন্য এটা নিশ্চয়ই হতাশাজনক। কিন্তু কিছু করার নেই, এ বছরের শুরু থেকে নিয়মটা পরিবর্তন হয়েছে। আশা করছি, আমরা আপনাকে পরের বার স্বাগত জানাতে পারব।’ পরের বার কি আর কান্তাসে ভ্রমণ করবেন কেপি? এএফপি।