কেপির অবসর নিয়ে...
গত সাত বছরে ৫৪৭ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন কেভিন পিটারসেন। তাঁর চেয়ে বেশি খেলেছেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি (৫৭০)। অতিরিক্ত ক্রিকেটের চাপ—রঙিন জার্সি ছাড়ার পেছনে পিটারসেনের কারণটা তাই যথেষ্টই যৌক্তিক। কিন্তু এটিকেই সত্যিকারের কারণ মনে করছে না ইংলিশ ক্রিকেট মহল। পিটারসেনের মতো একজন ম্যাচ উইনারকে হারিয়ে হাহাকার আছে, ইসিবির কেন্দ্রীয় চুক্তির শর্তের সমালোচনাও কিছু হচ্ছে। তবে সাবেক ক্রিকেটারদের অনেকেরই ধারণা, বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে নির্বিঘ্নে খেলার জন্যই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে ছেড়েছেন পিটারসেন।ওয়ানডেতে দারুণ এক রেকর্ডের হাতছানি ছিল পিটারসেনের সামনে। পরের ম্যাচটায় সেঞ্চুরি করতে পারলেই হয়ে যেতেন টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ব্যাটসম্যান। ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে ওপেনিংয়ে তুলে আনা হয়েছিল তাঁকে, অ্যালিস্টার কুকের সঙ্গে জুটিটাও দারুণ জমে গিয়েছিল। টি-টোয়েন্টিতে তো তিনি বড় এক সম্পদ। ইংল্যান্ডের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক। এবার শিরোপা ধরে রাখায়ও সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনিই। ইংল্যান্ডের সব পরিকল্পনা উল্টাপাল্টা হয়ে গেল এক ঘোষণায়!বয়স মাত্র ৩২ ছুঁইছুঁই, এখনো দারুণ ফিট। পিটারসেনের ক্লান্তির অভিযোগটা ঠিক মানতে পারছেন না নাসের হুসেইন, ‘যদি বলে ওর শরীরটা একটু বিরতি চায়, যদি পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু এটাও মনে রাখতে হবে, ও মাত্রই ৩২ পূর্ণ করতে চলেছে, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ফিট খেলোয়াড়দের একজন। আর মাত্রই তিন সপ্তাহ আইপিএল খেলে এল, বিশ্রাম তো ওই সময়টাতেও নিতে পারত!’সীমিত ওভারের ক্রিকেটের কোনো একটি ছাড়লে আরেকটির জন্য বিবেচনা করা হবে না—ইসিবির চুক্তির এই ধারাও সমর্থন করছেন হুসেইন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের যুক্তি, ‘এই ধারা না থাকলে ব্রড-মরগানরাও যদি পিটারসেনকে অনুসরণ করে!’ ইসিবির মতো অবসরের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়কও। শুধু টেস্ট খেলবেন বলে পিটারসেন নিজের ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেললেন কি না, এমন সংশয়ও আছে হুসেইনের। তবে সংশয় নেই সাবেক পেসার ও ক্রিকেট লেখক ডেরেক প্রিঙ্গলের, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার বা কেন্দ্রীয় চুক্তি নিয়ে সংশয়? দিল্লি ডেয়ারডেভিলসে দুই মিলিয়ন ডলারের চুক্তির পর ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে ওকে খুব বেশি ভাবতে হবে না।’পিটারসেনের অবসর ঘোষণার পরপরই টুইটারে মাইকেল ভন বলেছেন, এই অভাব পূরণ হওয়ার নয়। তবে বলেছেন একটি সংশয়ের কথাও, ‘আমি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের অংশ হলে পিটারসেনের কাছ থেকে লিখিত নিতাম যে আগামী দুটো অ্যাশেজে ও খেলবে। আমি চাই না আরেকটি আইপিএলে এভাবে অনেক কামিয়ে অ্যাশেজের আগে আচমকা টেস্ট ক্রিকেটও ছেড়ে দিক!’হতাশ ওয়ানডে ওপেনিং জুটিতে পিটারসেনের সঙ্গী অ্যালিস্টার কুকও। তবে পিটারসেনের বিদায়ে আরেকটা সম্ভাবনা দেখছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক, ‘ওর মাপের একজন ক্রিকেটারকে হারানো অবশ্যই হতাশার। ওয়ানডে দলকে আরও অনেক কিছু দেওয়ার ছিল ওর। তবে নিজের অবসরের সময়টা নিজে ঠিক করার অধিকার সব ক্রিকেটারের আছে। আমি বরং ইতিবাচক দিকটা দেখছি। জস বাটলার, জনি বেয়ারস্টো এমন আরও অনেক তরুণের জন্য এটা একটা সুযোগ।’ ওয়েবসাইট।