কেপির কাছে ‘হাস্যকর’ সূচি
বিশ্বকাপ ফুটবল হয় এক মাস, অলিম্পিক হয় বড়জোর ১৭-১৮ দিন ধরে। আর বিশ্বকাপ ক্রিকেট ছয় সপ্তাহ! বিশ্বকাপ ক্রিকেটের এই দীর্ঘ সূচিকে ‘হাস্যকর’ বলেছেন কেভিন পিটারসেন (কেপি)। ইংল্যান্ড ব্যাটসম্যানের কাছে ছয় সপ্তাহের বিশ্বকাপকে মনে হচ্ছে অনেক লম্বা। ইংল্যান্ডের প্রতি ম্যাচের আগে ছয় দিনের বিরতিটাও তাঁর কাছে বিরক্তিকর। তার পরও সূচিটিকে সবার মতো মেনে নিতেই হচ্ছে পিটারসেনকে, ‘এটা হাস্যকর, কিন্তু এ নিয়ে আমাদের কিছু করার নেই।’ অনেক ক্রিকেটারই দীর্ঘ সূচি নিয়ে হয়তো বিরক্তই, কিন্তু কথা বলতে গেলে বলেন কূটনৈতিক কায়দায়। পিটারসেন ওসবের ধার ধারেন না। তিনি কথা বলেন সরাসরি। তাই লম্বা সূচি নিয়ে একেবারেই রাখঢাক করেননি। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের ব্যস্ত সূচিরও সমালোচনা করেন। এটিও নাকি তাঁকে হাসির খোরাক জোগায়। অস্ট্রেলিয়া থেকে ফেরার মাত্র তিন দিন পরই তাঁরা বিশ্বকাপের জন্য রওনা হবেন উপমহাদেশে। গত বছরের অক্টোবর থেকে দেশের বাইরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে তবে টানা সাড়ে পাঁচ মাস দেশের বাইরে থাকবেন ইংলিশ ক্রিকেটাররা। ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করে না কেন—এ প্রশ্নের উত্তরটা জেনে নিতে পারেন পিটারসেনের কাছে। উত্তরটা খুবই সহজ, আগেই যা বলেছেন, সেই ইংল্যান্ডের বিশ্বকাপ-পূর্ব ব্যস্ত সূচি। ‘ইংল্যান্ড দলের ক্ষেত্রে এটি দীর্ঘদিন ধরেই ঘটে আসছে এবং এ জন্যই ইংল্যান্ড বিশ্বকাপে কখনোই ভালো করেনি’—স্কাই স্পোর্টসকে বলেছেন উচ্চকণ্ঠ ইংলিশ ক্রিকেটার। ‘আমি বলব না আমরা ক্লান্তিতে বিধ্বস্ত হতে যাচ্ছি, কারণ এটা বিশ্বকাপ, তা ছাড়া আমরা সবাই এই বিশ্বকাপটা জিততে চাই’—শুধু অজুহাতই খুঁজতে চান না পিটারসেন, বিশ্বকাপ জয়ের গৌরবের স্বরূপটাও তিনি চেনেন।বিশ্বকাপ যাত্রার আগে পাওয়া তিন দিনের বিরতিতে সোফায় পড়ে পড়ে ঘুমাতে চান অস্ট্রেলিয়ায় এবার ইংল্যান্ডের গর্বিত অ্যাশেজ জয়ের অন্যতম নায়ক। তবে ক্লান্ত হলেও আইপিএল কিছুতেই মিস করবেন না। ঠিক বিশ্বকাপের পর পরই শুরু হতে যাওয়া টোয়েন্টি-টোয়েন্টি ‘উৎসবে’ যেখানে ডেকান চার্জার্সের পক্ষে খেলে পাবেন ছয় লাখ ৫০ হাজার ডলার। গত মৌসুমে ইডেনে আইপিএলের ম্যাচটা মিস করেছিলেন, বিশ্বকাপের ভেন্যু তালিকা বাদ পড়েছে ইডেন। এবারও তাই ইডেন গার্ডেনে খেলা হবে না, এতে তিনি হতাশ, ‘এটা এমন একটা ভেন্যু যেখানে খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই আছে।’ তবে এটির ভালো দিকও খুঁজে পেয়েছেন একটি। এখন খেলতে হবে কম দর্শকের সামনে, যেটা তাঁর দলের পক্ষে যাবে বলেই বিশ্বাস করেন পিটারসেন।সফরসূচি নিয়ে সন্তুষ্ট না হলেও পিটারসেন মনে করছেন প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে ইংল্যান্ডের। সেই সম্ভাবনা তাঁর মনে উঁকি দিয়েছে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ-সাফল্যের পথ ধরে। ওয়েবসাইট।