কেপির কাঠগড়ায় সোয়ান-অ্যান্ডারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদা ছোড়াছুড়ি বলা যেত। কিন্তু ব্যাপারটা আসলে ওই পর্যায়কেও ছাড়িয়ে গেছে। এখন শুরু হয়েছে বাচ্চাদের মতো জেদাজেদি। কেভিন পিটারসেনের বিষয়টির একটা সুরাহার অপেক্ষাই যখন করছে ইংল্যান্ডের ক্রিকেট মহল, তখনই ঘটনায় নতুন মোড়। ভুয়া টুইটার-কাণ্ডে গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পিটারসেন। দুই সতীর্থের বিরুদ্ধে তদন্তের দাবিও তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।পিটারসেন পরিস্থিতি ঘোলাটে করায় বড় দায় ওই টুইটার অ্যাকাউন্টের। ইংল্যান্ডের ড্রেসিংরুমে শান্তি নেই, ওয়ানডের পর টেস্ট ক্রিকেটও ছেড়ে দিতে পারেন—হেডিংলি টেস্টের পর সংবাদ সম্মেলনে পিটারসেনের এই বোমা ফাটার পরই জন্ম ‘কেপি জিনিয়াস’ নামের ওই টুইটার অ্যাকাউন্টটির। পিটারসেন কতটা দাম্ভিক ও অর্থলোভী, সেসব জানিয়ে বেশ কিছু টুইট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে। পিটারসেন তখনই অ্যাকাউন্টের তাঁর ইংল্যান্ড সতীর্থদের কয়েকজনের হাত দেখেছিলেন। তদন্তের পর দেখা যায় ওই অ্যাকাউন্টটি রায়ান বেইলি নামের একজনের, যিনি আবার দুই নটিংহ্যামশায়ার সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও অ্যালেক্স হেলসের বন্ধু ও রুমমেট। ধরা পড়ে বেইলি ক্ষমা চেয়ে অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। কোনো ইংলিশ ক্রিকেটার এর সঙ্গে জড়িত নন বলেও জানান। বোর্ডের প্রধানের সঙ্গে দেখা করে নিজেকে নির্দোষ দাবি করেন ব্রডও। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি তদন্তেও প্রমাণিত হয় বেইলি ছাড়া দ্বিতীয় আর কারও ভূমিকা ছিল না ওই অ্যাকাউন্টে। তবে পিটারসেন এটা মানেননি কখনোই। শুরু থেকেই বলে আসছেন সতীর্থ কেউ অবশ্যই জড়িত। এবার তো নামই বললেন। সোয়ানের সঙ্গে সম্পর্কটা তাঁর বরাবরই শীতল। আত্মজীবনীতে পিটারসেনের অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন সোয়ান। পিটারসেনকে ছাড়াও যে ইংলিশ ক্রিকেট ভালোভাবে এগিয়ে যাবে, নানা সাক্ষাৎকার ও টুইটে আকারে-ইঙ্গিতে নিয়মিতই বলে আসছেন এই স্পিনার।পিটারসেনের সন্দেহের কারণ, অ্যান্ডারসন ও সোয়ানের সঙ্গে তাঁর ব্যক্তিগত আলাপচারিতার বেশি কিছু ব্যাপার উঠে এসেছে ‘কেপি জিনিয়াসের’ নানা টুইটে। পিটারসেন এখন নিজেকে ভাবছেন দ্বৈত নীতির শিকার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ‘উসকানিমূলক’ বার্তা পাঠানোর দায়ে তাঁকে দলের বাইরে রাখা হয়েছে। তাহলে অ্যান্ডারসন-সোয়ানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না! নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে কি না পিটারসেনের, এটা অবশ্য জানা যায়নি এখনো। গত বুধবার কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে গোপনে দেখা করেন পিটারসেন, কিন্তু কোনো সমাধানে আসতে পারেনি কোনো পক্ষ। হেডিংলি টেস্টের পর থেকেই দলের বাইরে ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে, পরশু বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। যদিও বলা হয়েছে চলতি অচলাবস্থার ইতিবাচক সমাধান হলে চুক্তিতে ফিরতে পারেন পিটারসেন। তবে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হয়ে গেল। এখন অ্যান্ডারসন-সোয়ানের বিপক্ষে অভিযোগের যদি কোনো প্রমাণ দিতে না পারেন, তাহলে তাঁর ইংল্যান্ড-ক্যারিয়ার শেষ নিশ্চিতভাবেই বলে ফেলা যায়। আর সত্যিই যদি প্রমাণ দেখাতে পারেন, তাহলে ইংলিশ ক্রিকেটের জন্য হয়তো অপেক্ষা করছে ভয়াবহ সময়! ওয়েবসাইট।