কেপির চাই ১০ হাজার
হাঁটুর চোট তাঁকে খেলতে দিচ্ছে না এবারের আইপিএল। তবে আইপিএল থেকে পুরোপুরি দূরেও নেই কেভিন পিটারসেন। ভারত-ইংল্যান্ড দৌড়াদৌড়ি করেই কাটছে সময়। কদিন আগে বেশ কয়েকটা দিন কাটিয়ে গেলেন দিল্লি ডেয়ারডেভিলস সতীর্থদের সঙ্গে। দু-একটি ম্যাচে ছিলেন ডাগ-আউটেও। শুক্রবার আবারও গেলেন দিল্লি, এবার স্পনসরদের প্রচারণার কাজে। আইপিএলের ডামাডোলের মাঝেই জানালেন একটি টেস্ট লক্ষ্যের কথা। বিধ্বংসী ব্যাটসম্যান করতে চান ১০ হাজার টেস্ট রান।‘আমি চাই ১০ হাজার টেস্ট রান করতে। আর আড়াই হাজার রান লাগবে লক্ষ্য ছুঁতে, আশা করি আমি তা পারব’—শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন পিটারসেন। বয়স ৩২, ৯৪ টেস্টে রান করেছেন ৭৪৯৯। আর বছর দুয়েক খেললে লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার কথা ইংলিশ ব্যাটসম্যানের। ১০ হাজার তো বহুদূর, ইংল্যান্ডের হয়ে ৯ হাজার রানও এখনো করতে পারেননি কেউ। গ্রাহাম গুচের ৮৯০০ রানই সর্বোচ্চ। পিটারসেনের পাশাপাশি গুচের রেকর্ডকে ধাওয়া করছেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ড অধিনায়কের রান ৯০ টেস্টে ৭৩০৭। ১০ হাজার ক্লাবের প্রথম ইংলিশ সদস্য হয়তো হবেন এই দুজনেরই কেউ।কদিন আগে যখন ভারতে এসেছিলেন, হাঁটুতে ছিল বর্ম। তবে বর্মটা এখন খুলে ফেলেছেন। চোটের কারণে জুনের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলছেন না। তবে জানালেন, অ্যাশেজ নিয়ে সংশয় নেই, ‘দিন দশেক হলো হাঁটুর বর্ম খুলে ফেলেছি। চোটটা সেরে উঠছে ভালোভাবেই, তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। অ্যাশেজ আসতে আসতে পুরোপুরি ফিট হয়ে উঠব।’উপলক্ষ যখন আইপিএল, কথা বলতে হলো এটা নিয়েও। পিটারসেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে জানালেন তাঁর মুগ্ধতার কথা। আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস এবারও এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে। পিটারসেনের মতে, ধোনির নেতৃত্বগুণই চেন্নাইয়ের সাফল্যের মূল কারণ, ‘চেন্নাই এত সফল, কারণ ভারতীয় কন্ডিশনে ধোনি দারুণ চতুর এক অধিনায়ক। ব্যাট হাতেও বড় ভূমিকা রাখে ও। এ ছাড়া এই কন্ডিশনের জন্য মানসম্পন্ন সব স্পিনার আছে চেন্নাইয়ের। মাইক হাসিসহ ওদের বিদেশিরা দারুণ পারফর্ম করছে, এমনকি কোচ স্টিভেন ফ্লেমিং উল্লেখযোগ্য অবদান রাখছে।’ ওয়েবসাইট।