কেপির চোখ আগামী অ্যাশেজে

অ্যান্ডি ফ্লাওয়ারের কাছে প্রশ্নটি ছিল সরাসরি। অ্যাশেজে ধোলাই হওয়ার পর যখন নতুন শুরুর কথা বলছিলেন ইংল্যান্ড কোচ, সংবাদকর্মীদের প্রশ্ন, ‘নতুন পরিকল্পনায় কেভিন পিটারসেন আছেন কি?’ উত্তরটা ঘুরিয়ে দিয়ে ফ্লাওয়ার বলেছিলেন, স্রেফ অধিনায়ক অ্যালিস্টার কুক ছাড়া জায়গা নিশ্চিত নয় কারও। তাতেই ডালপালা মেলতে শুরু করেছিল গুজব। পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার কি তাহলে শেষ? দ্রুতই সেই ডালপালা ছেঁটে দিলেন কেপি। ভাবনায় তো অবসর নেই-ই, কেপি ভাবছেন আগামী অ্যাশেজ নিয়ে!
মজার ব্যাপার, সদ্যসমাপ্ত অ্যাশেজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী কিন্তু পিটারসেনই! তবে সেই রান মাত্র ২৯৪, গড় ২৯.৪০। দলের বাকিদের দুর্দশাটাও বোঝা যাচ্ছে এই পরিসংখ্যান থেকেই। পিটারসেন তবু আলোচনার কেন্দ্রে, তিনি যে পিটারসেন। ব্যাট হাতে শাসন করতে ভালোবাসেন বোলারদের, ব্যাটের দাপটে কুঁকড়ে যান বোলাররা, ভড়কে যায় প্রতিপক্ষ, যাঁর ব্যাট গড়ে দেয় পার্থক্য। চিরচেনা সেই পিটারসেন এই অ্যাশেজে ছিলেন ‘উধাও’। প্রশ্নগুলো উঠতে শুরু করেছিল এ কারণেই। ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেললেন কি না, এই প্রশ্নও জাগছিল অনেকের।
টুইটারে কাল সব সংশয় উড়িয়ে দিলেন কেপি নিজেই, ‘৫-০ তে সিরিজ হেরে এবং ব্যক্তিগতভাবে আরও বেশি রান করতে না পেরে ভীষণ হতাশ আমি। দারুণ একটি দলের বিপক্ষে সিরিজটি ছিল খুব কঠিন। ইংল্যান্ডের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য। ২০১৫ সালে অ্যাশেজ ফিরিয়ে আনায় অবদান রাখতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
পিটারসেনের ভবিষ্যত্ নিয়ে সংশয়ে খানিকটা ভূমিকা আছে তাঁর ফিটনেসেরও। হাঁটুর চোট দীর্ঘদিন ধরেই সঙ্গী। গত মার্চেই হাঁটুর চোট নিয়ে ফিরে এসেছিলেন নিউজিল্যান্ড থেকে। এই অ্যাশেজের আগেও হাঁটুতে ইনজেকশন নিয়ে তবেই নামতে হয়েছে মাঠে। বয়সটাও ছাড়িয়েছে ৩৩। অনেক দিন ধরেই পিটারসেনকে নিয়ে সাবধানতার পথে হাঁটছে ইংল্যান্ড। ওয়ানডেতে তাঁকে খেলানো হয় কেবল বেছে বেছে।
তবে পিটারসেন আগামী অ্যাশেজ পর্যন্ত খেলতে চাইলেও ইংল্যান্ড তাঁকে কতটা চায়, সেই সংশয় থাকছে ফ্লাওয়ারের কথায়। সংশয়টা মনে করে আঁতকে উঠছেন মাইকেল ভন। এই মুহূর্তে পিটারসেনবিহীন ইংল্যান্ড দলের কথা ভাবতে পারছেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ডেইলি টেলিগ্রাফ-এ লেখা কলামে ভন বরং বলেছেন পিটারসেনকে আরও বেশি দায়িত্ব দিতে, ‘আশা করি পিটারসেনকে অ্যাশেজ হোয়াইটওয়াশের বলি বানিয়ে এখনকার হ-য-ব-র-ল অবস্থা থেকে উতরানোর সহজ পথে হাঁটবে না ইংল্যান্ড। তবে আমি মানছি, কিছু একটা করতে হবে। হয়তো পিটারসেনকে আরও বেশি দায়িত্ব দিতে হবে। আমি চাই ওকে সহ-অধিনায়ক করা হোক।’
কিন্তু ভনের শঙ্কাও আছে, ‘আমার ভয় হচ্ছে, কেপিকে আরও দায়িত্ব দেওয়া তো বহুদূর, ইংল্যান্ড হয়তো ওকে বাদই দিয়ে দেবে। সত্যিই সেটা হলে তা হবে ইংলিশ ক্রিকেটের জন্য লজ্জাজনক এক ক্ষতি। ওকে হারানোর বিলাসিতা ইংল্যান্ড দেখাতে পারে না। ও খুব বেশিই ভালো ক্রিকেটার। পিটারসেনের কাছ থেকে যদি আরও দুটো বছর আদায় করতে না পারে, ইংল্যান্ডের ম্যানেজমেন্টের জন্য সেটি হবে বড় এক ব্যর্থতা। আমি নিশ্চিত করে বলতে পারি, পিটারসেনকে দলে আরও বেশি সম্পৃক্ত করলে ইংল্যান্ড অনেক বেশি ম্যাচ জিতবে।’
জুনের মাঝামাঝি শ্রীলঙ্কা সিরিজের আগে আর কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। ইংল্যান্ড এখন কোন পথে হাঁটবে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। ওয়েবসাইট।