কেপির পাশে ফ্লিনটফ
যেভাবে কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়া হলো, সেটি শুধু অপমানজনকই নয়, একদিক দিয়ে তাঁর প্রতি অন্যায়ও। ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না অ্যান্ড্রু ফ্লিনটফ। বন্ধু পিটারসেনের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার পাল্টা তির ছুড়ে বললেন, পিটারসেনকে ইংল্যান্ডের অ্যাশেজ-ব্যর্থতার বলির পাঁঠা বানানো হয়েছে।
সিডনির শেষ টেস্টে অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গে পিটারসেনের ঝগড়া হয়েছে বলেই গুঞ্জন ছিল। দলের নতুন ‘নীতি ও দর্শন’ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে ইসিবি বলে দিয়েছে, পিটারসেনকে আর কখনোই জাতীয় দলে বিবেচনা করা হবে না। ফ্লিনটফ বলছেন, দলের ব্যর্থতার জন্য ব্যক্তিগতভাবে একজনকে দায়ী করাটা ভুল। ‘দল হিসেবে তাদের কখনোই ঐক্যবদ্ধ মনে হয়নি। তারা একজন খেলোয়াড়কে পেয়েছে, যে দায়টা নিতে পারে। দলের বাকি সবাই তাদের দায়িত্ব পালন করে যেতে চায়। শুধু একজন বাদ। এটা কিছু নয় যে, আমরা তাদের (অসি) আউট করতে পারিনি, রান করতে পারিনি, পুরোপুরি বিধ্বস্ত হয়েছি। দোষ শুধু কেভিনের। সব দায় একজনের ঘাড়ে চাপানোর চেয়ে আমি বরং বেশি শ্রদ্ধা করতাম অন্য সিনিয়র খেলোয়াড়দের, যদি তারা হাত তুলে সরে দাঁড়াত’—দ্য মেইলকে বলেছেন ফ্লিনটফ। এএফপি।