কেপির মুখে একি কথা!
‘টাকা কথা বলে’—প্রমাণিত হলো যেন আরেকবার। আইপিএলে মোহিত কেভিন পিটারসেন লজ্জাজনক এক অভিযোগ তুলেছেন নিজ দেশের বিপক্ষেই! ইংলিশ সংবাদমাধ্যম এখন সরগরম কাউন্টি মৌসুমের শুরু নিয়ে, আইপিএলের জন্য জায়গা বরাদ্দ সামান্যই। ইসিবিও খুব একটা উৎসাহী নয় আইপিএল নিয়ে। দুই দিন আগে তো আইপিএল নিয়ে বিসিসিআইকে একহাত নিয়েছেন ‘উইজডেন’ সম্পাদক। এসব দেখে হতাশ পিটারসেন বলেছেন, আইপিএলের প্রতি ঈর্ষাকাতর ইংল্যান্ড! আইপিএল নিয়ে উইজডেনের নতুন সম্পাদক লরেন্স বুথের বক্তব্য যখন ক্রিকেট-বিশ্বে ব্যাপক প্রশংসিত হচ্ছে, তখনই এল পিটারসেনের এই মন্তব্য। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের দাবি, ইংল্যান্ড কেন আইপিএল-বিমুখ সেটি তাঁর জানা, ‘আমাদের দেশে আইপিএলের গ্রহণযোগ্যতা নেই বললেই চলে। ব্যাপারটা আমাকে কষ্ট দেয়, আইপিএলে আমার দারুণ সময় কাটছে। আমার মনে হয় ভীষণ রকম ঈর্ষাপরায়ণতা থেকেই এমনটা হচ্ছে। আমার খুব খারাপ লাগে, জানি না ইংল্যান্ডে কেন আইপিএল নিয়ে এত নেতিবাচক প্রচারণা!’পিটারসেনের অবশ্য দাবি, অর্থ-গ্ল্যামারে মোহিত হয়ে নয়, ক্রিকেটার হিসেবে সমৃদ্ধ হচ্ছেন বলেই গাইছেন আইপিএলের গুণগান, ‘উপমহাদেশে আরও এক মাস খেলে আমার স্কিলকে আরও শাণ দিতে পারা, স্পিনারদের সঙ্গে অনুশীলন করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আরও ইংলিশ ক্রিকেটারদের আমি ইংল্যান্ডে দেখতে চাই। অ্যান্ডারসন, ব্রেসনান, বোপারা, বেলের মতো ক্রিকেটার দেশে বসে আছে, আর দ্বিতীয় সারির অস্ট্রেলিয়ানরা এখানে দাপটে খেলছে।’ ওয়েবসাইট।