কেপির মুখে রাইট-স্তুতি
ইংল্যান্ড দলে কেভিন পিটারসেনের জায়গায় এসেছেন লুক রাইট। পরশু আফগানিস্তানের বিপক্ষে রাইট ভাঙলেন পিটারসেনেরই করা রেকর্ড। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কেপির করা ৭৯ রান টপকে রাইটের অপরাজিত ৯৯-ই এখন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ। তার পরও রাইটের প্রশংসা করতে কোনো কার্পণ্য করেননি পিটারসেন। ইএসপিএন-স্টার স্পোর্টসের পণ্ডিত হিসেবে এখন কলম্বোয় অবস্থান করা কেপি লুক রাইটের জন্য রীতিমতো রোমাঞ্চিত।রাইটের ৫৫ বলে ৯৯ রানের ইনিংসটাই পরশু ইংল্যান্ডকে ১৯৬ রান এনে দেয়। এরপর আফগানিস্তানকে ৮০ রানে অলআউট করে ১১৬ রানের জয় ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদেরও তুলে দিয়েছে সুপার এইটে। জাতীয় দল থেকে নির্বাসনে থাকা কেপি অবশ্য রাইটের উত্থানে দেখছেন আইপিএল ও বিগ ব্যাশের ভূমিকা, ‘সে অনেক দিন দলে ছিল না। ওই সময়ে সে বিগ ব্যাশ, আইপিএল ও ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছে। আর এগুলোই তাকে আরও ভালো হয়ে উঠতে সাহায্য করেছে।’ ওয়েবসাইট।