কেবল পরীক্ষাই চলছে এভিবির
রোজ রাতে কয়টা ঘুমের বড়ি লাগে, সেটা তিনিই ভালো বলতে পারবেন। মুখে অবশ্য বারবার বলে যাচ্ছেন, ‘চাকরি নিয়ে মোটেই ভাবছি না। আমাকে নিশ্চিন্তে কাজ করে যেতে বলা হয়েছে।’ এই আস্থার বাণী রোমান আব্রামোভিচ আভরাম গ্রান্টকে দিয়েছিলেন, লুইস ফেলিপ স্কলারিকে দিয়েছিলেন। কার্লো আনচেলত্তিকেও। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই লিগ, এফএ কাপ আর কমিউনিটি শিল্ড জিতিয়েও দুই মৌসুমের বেশি টেকেননি আনচেলত্তি। এসব জেনেও আন্দ্রে ভিলাস-বোয়াস বলছেন, তিনি নির্ভার!ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়শূন্য, সর্বশেষ ম্যাচে এভারটনের কাছে হার। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ১৭ পয়েন্টের ব্যবধান লিগ শিরোপা জয়ের বিন্দুমাত্র আশা জোগায় না। ভিলাস-বোয়াস অবশ্য সেই হাল আগেই ছেড়ে মনোযোগ দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে। সেখানে নকআউট পর্বের প্রথম লেগে নাপোলির কাছে ৩-১ গোলে হার। ফিরতি লেগে অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা। লিগ কাপ থেকেও বিদায় হয়েছে লিভারপুলের কাছে হেরে। এফএ কাপে কদিন আগে ড্র করেছে বার্মিংহাম সিটির মতো একটা দলের সঙ্গে।এরই মধ্যে খবর, রাফা বেনিতেজ নাকি চেলসি কোচের তপ্ত আসনে বসতে রাজি। লিভারপুলে ছয় বছর কাজ করার অভিজ্ঞতা আছে বেনিতেজের। স্প্যানিশ এই কোচ লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন, এই একটা ট্রফির জন্যই আব্রামোভিচের চাতক-তৃষ্ণা। বর্তমানে বেকার বেনিতেজ অবশ্য স্বীকার করেছেন, তাঁর সঙ্গে চেলসির কেউ যোগাযোগ করেনি, সব খবরই গুঞ্জন। তবে যোগাযোগ করা হলে তিনি যে ‘না’ বলবেন, সেই নিশ্চয়তাও দেননি।‘স্পেশাল টু’ হতে এসে প্রথম মৌসুমেই ভিলাস-বোয়াস ভিলেন হয়ে যান কি না, সেটিই এখন দেখার। লিগ শিরোপার আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু পরেরবার চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে তিনের মধ্যে তো থাকতে হবে। চারে থাকলেও বাঁচোয়া। কিন্তু তিনে থাকা টটেনহামের সঙ্গেও চেলসির ব্যবধান ১০ পয়েন্টের!চাপে থাকা চেলসি আজ মুখোমুখি হচ্ছে বোল্টন ওয়ান্ডারার্সের। মুখোমুখি প্রথম ম্যাচটায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাটট্রিকে বোল্টনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল। সেই ল্যাম্পার্ডকেই কেন জানি নিয়মিত জায়গা দিচ্ছেন না ভিলাস-বোয়াস। আজ কী করেন দেখা যাক। বোল্টন টেবিলের ১৯ নম্বরে পড়ে আছে। এটা একটা স্বস্তি হতে পারে চেলসির জন্য।তলানির আরেক দল ব্ল্যাকবার্নের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এরপর বোল্টন ও সোয়ানসি সিটির বিপক্ষে তাদের ম্যাচ। ফলে টানা তিন ম্যাচে মোটামুটি নিশ্চিত যে এই ৯ পয়েন্ট ম্যানইউর সঙ্গে ব্যবধান (এখন ২) আরও বাড়াতে সাহায্য করতে পারে রবার্তো মানচিনির দলকে। ওয়েবসাইট।