কেবল বিনোদনের জন্য থাকবেন বেকহাম!
অ্যাকিলেস টেন্ডনের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ডেভিড বেকহাম। এর পরও আলোচনায় তিনি। ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ইংল্যান্ডের দূত হিসেবে কাজ করছেন তিনি। এর পর থেকেই জোর গুঞ্জন, ইংল্যান্ড দলের পরামর্শক হিসেবে আসন্ন বিশ্বকাপে থাকবেন ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার। তবে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ-এ প্রকাশিত খবর অনুযায়ী, ইংল্যান্ডের পরামর্শক বা শিক্ষানবিশ কোচ হিসেবে থাকছেন না বেকহাম। ইংল্যান্ডের সমর্থক ও ফুটবলারদের উজ্জীবিত করতেই দক্ষিণ আফ্রিকায় দেখা যেতে পারে তাঁকে।চোটের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাননি বেকহাম। বেকহামকে শিক্ষানবিশ কোচ হিসেবে রাখা হচ্ছে কি না—এ প্রশ্নে ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, অবশ্যই এ রকম কোনো দায়িত্ব বেকহাম পাচ্ছেন না। সে দলের একজন অভিজ্ঞ ফুটবলার। এ কারণে দুই-একবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। তাঁর উপস্থিতিতে ফুটবলার ও সমর্থকেরা উদ্দীপনা পেতে পারেন।বেকহামকে ধীরে ধীরে ইংল্যান্ডের কোচ হিসেবে প্রস্তুত করা হচ্ছে—মিডিয়ার এমন জল্পনা-কল্পনাকে ভালো চোখে দেখছেন না ক্যাপেলো। কোচ হওয়ার যোগ্যতা বেকহামের নেই উল্লেখ করে ইংল্যান্ডের এই কোচ বলেন, ‘কোচদের সম্মান দিয়ে দেখা উচিত। সে কোচের মতো নয়। তাঁকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ইংল্যান্ডের দূত হিসেবে রাখা হয়েছে। বেকহাম আমাদের সঙ্গে আছে, এটাই গুরুত্বপূর্ণ।’