কেবলই উৎসবের রাত
বাইরে ভুভুজেলার শব্দ আর ‘বাংলাদেশ বাংলাদেশ’ চিৎকার। মাঠে হলুদ আলখাল্লার মতো পোশাক পরে যাঁরা বাদ্য বাজালেন, পাশের করিডর দিয়ে যাওয়ার সময় ‘তাক ধিনা ধিন...তাক ধিনা ধিন’ তুলে সেই দলটা জয়ের রেণু ছড়িয়ে দিল সংবাদ সম্মেলনকক্ষে। একটু পর তামিম ইকবাল আর শফিউল ইসলাম এলেন, পেছন পেছন সাকিব আল হাসান। ২০ মিনিটের সংবাদ সম্মেলনটা তাঁরাও মাতিয়ে রাখলেন উৎসবের আবহে।শফিউলের কাছে কে যেন জানতে চাইলেন, ‘২০৫ রান করার পর সাকিব বল তুলে দেওয়ার সময় আপনাকে কী বলেছেন?’ শফিউলের সহজ-সরল উত্তর এবং তাতেই হাসিতে ফেটে পড়ল সবাই, ‘বলেছেন বিশ্বাস রাখ, ভালো জায়গায় বল ফেললে আমরা যে রকম আউট হয়েছি, ওরাও আউট হবে...।’ হাসির ফোয়ারা থামতে থামতে শফিউলও যেন একটু ধাতস্থ হলেন, ‘...জায়গামতো বল ফেলার চেষ্টা করেছি। দ্বিতীয় স্পেলে বলটা দেখেই ভালো লাগছে। বিশ্বাস ছিল, ভালো বল করতে পারব।’গ্যালারিভর্তি দর্শকের সমর্থনের সঙ্গে কাল বাংলাদেশ দলকে জিতিয়েছে আসলে এই বিশ্বাস। ২০৫ রান করার পরও সাকিবের বিশ্বাস ছিল, তাঁর বোলাররা পারবেন। বোলাররা সেই বিশ্বাসের প্রতিদান দিয়ে গেছেন শেষ পর্যন্ত। তাতে সাড়ে ২৪ হাজার দর্শক এই বিশ্বাস নিয়ে বাড়ি ফিরল যে বাংলাদেশও অসাধ্য সাধন করতে পারে।আয়ারল্যান্ডকে সহজে হারাতে পারলে দু দলের আসল পার্থক্যটা বোঝা যেত। কিন্তু চাপ জেতার যে বিশ্বাস, সেটা কি মিলত? সাকিবও মানছেন, ‘আমরা যেভাবে ম্যাচ জিতেছি, এটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ইতিবাচক দিক। আমরা ব্যাট হাতে ভালো না করলেও বোলিং-ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। আর দর্শকদের সমর্থনটা ছিল অসাধারণ।’ বারে বারে নানা প্রসঙ্গে অধিনায়কের মুখে একই কথা—দর্শকদের সমর্থন। ভারত ও আয়ারল্যান্ড ম্যাচে দর্শকের আবেগ দেখে তাঁর মনে বিশ্বাস গেঁথে গেছে যে ‘দর্শকেরা দারুণভাবে আমাদের সমর্থন করেছে। অনুশীলনে আসার সময়ও তারা আমাদের শুভকামনা জানায়। প্রতিদানে আমরাও তাদের সম্মান জানাতে চেয়েছি। এ রকম সমর্থন পেলে মনে হয় ম্যাচটা আমাদের জিততে হবে। অসাধারণ সমর্থন—মনে হয় না বিশ্বের আর কোনো দল এত সমর্থন পায়।’ সমর্থনের রূপটা এমনই ছিল যে মিরপুরের রাস্তায় ঢল নেমেছিল মানুষের। বাংলাদেশ দলকে বহনকারী বাসটি কাজীপাড়া-শেওড়াপাড়া রাস্তা দিয়ে আসতে পারেনি। শেরাটন হোটেলে এসেছে ক্যান্টনমেন্টের রাস্তা ধরে।কালকের ম্যাচে তাহলে কারা জিতল! সাকিবরা, নাকি দর্শক? জিতেছে আসলে সবাই, যে রকম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও ‘ভাগ’ হয়ে গেল সংবাদ সম্মেলনে এসে। বিচারকের দৃষ্টিতে তামিমের ম্যান অব দ্য ম্যাচ হওয়াটা অনেকের মতো তামিমকেও বিস্মিত করেছে, ‘আমি একটু অবাক হয়েছি। আমি মনে করি, এটা শফিউলেরই প্রাপ্য ছিল। ও আজ অনেক ভালো বল করেছে। তার পরও যিনি আমাকে এটা দিয়েছেন, তাঁকে ধন্যবাদ।’ এটা বলে দেওয়ার পরও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে পাশেই বসা শফিউলের আক্ষেপ মানতে পারলেন না সহ-অধিনায়ক। একটু পর শফিউল যখন শুরু করলেন, ‘মনে হচ্ছিল আমি ম্যান অব দ্য ম্যাচ হব। তবে এর চেয়ে জেতার আনন্দটাই বেশি আমার কাছে...’, কথা শেষ করতে পারলেন না। পাশ থেকে কপট ধমকের সুর তামিমের, ‘...তোকে তো আমি দিয়েই দিলাম ম্যান অব দ্য ম্যাচ!’ সংবাদ সম্মেলনকক্ষ হাসিতে ফেটে পড়ল আবারও। হাসিতে লুটোপুটি খাচ্ছেন তিন লাল-সবুজ তরুণ।কাঁধের ইনজুরির কারণে ম্যাচের আগের ৪৮ ঘণ্টা খুব টেনশনে কেটেছে শফিউলের। আগের সন্ধ্যায় তো তিনিও বিশ্বাস করতে পারেননি খেলবেন। সকালে সুস্থ বোধ করায় শেষ পর্যন্ত খেললেন, জয় করলেন। সাকিব ও তাঁর দলের বিশ্বাস ছিল এই তরুণের ওপর, ‘শুধু আমি না, পুরো দল জানে, সে ভালো বল করতে পারে। আজও (গতকাল) শুরুর দিকে ভালো বল না হলেও পরে দারুণ বল করেছে। কারও একটা খারাপ ম্যাচ যেতেই পারে। তবে ফিরে আসার সামর্থ্য আমাদের সবারই আছে।’২০৫ রান যেকোনো কন্ডিশনেই অতিক্রমযোগ্য। উইলিয়াম পোর্টারফিল্ডের কাছে তাই এটি যতটা না বাংলাদেশের জয়, তার চেয়েও বেশি আয়ারল্যান্ডের পরাজয়। আইরিশ অধিনায়কের হতাশা তো স্বাভাবিকই, ‘যখনই আমাদের একটা ভালো জুটি হচ্ছিল, তখনই আমরা উইকেট হারালাম! কোনো পর্যায়ের ক্রিকেটেই এটা মানা যায় না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি আমাদের সামর্থ্য কী। সেটা প্রমাণ করতে হবে।’উইকেট একটু মন্থর ছিল, বল নিচু হয়ে আসছিল—পরাজিত দলের এই ‘কমন’ অভিযোগগুলোও তুললেন পোর্টারফিল্ড। তুলুন, তাতে বাংলাদেশের সাফল্যের গায়ে কোনো কাঁটা নেই। লাল-সবুজের উৎসবের রাত কেবলই আলো ছড়ানোর রাত। অভিযোগ শোনার নয়।