এবারের উইম্বলডন কি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে? রজার ফেদেরার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তিনি নিজে তো আছেনই, সঙ্গে অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। পুরুষ সার্কিটের ‘ফ্যাব ফোর’-এর কাছে অন্যরা পাত্তা পাবেন না বলেই বিশ্বাস রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লামজয়ীর। মেয়েদের সার্কিটে সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই। ডোপিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে কোর্টে ফেরা মারিয়া শারাপোভা ওয়াইল্ড কার্ড পাননি। মেয়েদের শিরোপার লড়াইটা এবার তাই উন্মুক্ত

পেত্রা কেভিতোভার জীবনদর্শনটাই বদলে গেছে। জীবনে আর র্যাকেট হাতে নিতে পারবেন কি না সেটা নিয়েই শঙ্কা জেগেছিল। সেই অবস্থা থেকে ফিরে আবার টেনিস খেলতে পারছেন, এটাই চেক টেনিস তারকার কাছে অনেক বড় পাওয়া। জীবনে এখন কোনো কিছুকেই আর ভয় পান না! আর এটাই তাঁকে উইম্বলডনের তৃতীয় মুকুট দেবে বলে বিশ্বাস করেন।
যে হাতে র্যাকেট ধরেন, সেই বাঁ হাতে ছুরিকাঘাত করেছিল দুর্বৃত্ত। অনেকেই ভেবেছিলেন কখনো আর কোর্টে নামা হবে না। কিন্তু ধীরে ধীরে সেরে উঠেছেন। সেই ঘটনার ছয় মাসের মাথায় উইম্বলডনে খেলতে পারছেন বলে দারুণ খুশি কেভিতোভা। উইম্বলডনের শহর লন্ডনকে নিজের দ্বিতীয় বাড়িও মনে করেন চেক-তরুণী।
ওই আক্রমণের আগে যেকোনো কিছুতেই স্নায়ুচাপে ভুগতেন কেভিতোভা। যেকোনো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ খেলতে নামার আগে ভয়ে ভয়ে থাকতেন—যদি হেরে যাই! এখন আর এই ভয়টা তাঁর করে না! কেভিতোভার জীবনের ধ্যানধারণাই পাল্টে গেছে, ‘কোর্টে আর কোর্টের বাইরে আমি এখন একটু অন্য রকম। জীবনটাকে এখন আমি ভিন্নভাবে দেখি। আমি প্রতিটি ম্যাচের আগে স্নায়ুচাপে থাকতাম। এখন মনে হয় ভয়ের কিছু নেই। টেনিসের চেয়ে জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা ঘটেছে, এর জন্য আমি হয়তো একটু নির্ভীক হয়ে গেছি।’
জীবনের দর্শনের কথা উঠতে গত পরশু সাংবাদিকদের সামনে যেন হৃদয়ের অর্গলই খুলে দিলেন কেভিতোভা, ‘আমি বুঝে গেছি জীবনে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। কোর্টে নেমে আমি কখনো কখনো ভাবি যে জীবনের সবচেয়ে বড় লড়াইটাই তো জিতে গেছি। একটি ম্যাচে যখন লড়াই করি, মনে হয় সর্বশেষ পয়েন্টটি জিতলাম কী হারলাম, কোনো ব্যাপার নয়।’
প্রসঙ্গক্রমেই উইম্বলডন নিয়ে তাঁর স্বপ্নের কথা এসেছে। এবার নাকি শিরোপা-ভাগ্য তাঁকে টানছে। কেভিতোভা প্রথম উইম্বলডন জিতেছিলেন ২০১১ সালে। তিন বছর পর ২০১৪ সালে দ্বিতীয়টি। এরপর তিন বছর কেটে গেছে। তাহলে ২০১৭ উইম্বলডনের মুকুট তো তাঁর মাথায়ই ওঠার কথা! কেভিতোভা আত্মবিশ্বাসীও। কিন্তু বাস্তবতা হচ্ছে মেয়েদের সার্কিটে এবারের লড়াইটা উন্মুক্ত। সন্তানসম্ভবা সেরেনা খেলছেন না। কেভিতোভার মতো শিরোপার দাবিদার এবার ক্যারোলিনা প্লিসকোভা, লুসি শাফারোভা, ডমিনিকা চিবুলকোভা, সিমোনা হালেপ, ইয়োহানা কন্তা ও ফ্রেঞ্চ ওপেনজয়ী ইয়েলেনা ওস্তাপেঙ্কো। রয়টার্স।