কেভিতোভার স্বপ্নপূরণ
ফাইনালে উঠেই জানিয়েছিলেন, বিশ্বাস হচ্ছে না। ঘোষণা দিয়েছিলেন, এটাই তাঁর জীবনের সেরা দিন। তবে সেই সেরা দিনকে ছাপিয়ে আজ শনিবার জীবনের ‘শ্রেষ্ঠতম’ দিনটাকে পেয়ে গেলেন পেত্রো কেভিতোভা। সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তুলে নিলেন উইম্বলডন শিরোপা। পেলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ। ২১ বছর বয়সী চেক তরুণীর কাছে এর চেয়ে সুখকর দিন আর কী হতে পারে!কেভিতোভার জন্য ফাইনালের মঞ্চটা ছিল নতুন। কারণ এটাই ছিল তাঁর প্রথম বড় কোনো ফাইনাল ম্যাচ। অন্যদিকে প্রতিপক্ষ শারাপোভার ফাইনালের মঞ্চটা খুবই চেনা। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জিতেই বিশ্ব টেনিসে নিজের আবির্ভাবের ঘোষণা দিয়েছিলেন এই রুশ-কন্যা। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন সবই। তবে অভিজ্ঞতার বিচারে ফেবারিট শারাপোভা মাঠের লড়াইয়ে হার মেনেছেন ‘অনভিজ্ঞ’ কেভিতোভার কাছে। যেন আরেকবার প্রমাণ করলেন, একসময় মেয়েদের বিশ্ব টেনিস দাপিয়ে বেড়ানো শারাপোভা হারিয়ে গেছেন! রয়টার্স।