কুর্নিশ করি কেভিন ও’ব্রায়েনকে। সে এমন কীর্তিই গড়ল, যা সেরা দলগুলোরও কেউ করতে পারেনি। এমনকি পুঁচকেদের বিপক্ষেও না। বিশ্বকাপে বড়সড় ধাক্কাই খেল ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের নিচের সারির একটি দলের কাছে পরাভূত হলো ইংলিশরা। টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরি করে কেভিন এই বার্তাই দিল, আয়ারল্যান্ডকে সমীহ করতেই হবে। ভীতি ছড়িয়ে দিয়েছে আইরিশরা।আয়ারল্যান্ডের কাছে হেরে অভিজাত ইংল্যান্ড হয়তো প্রকাশ্যে কেভিন ও তার দলকে প্রশংসাবৃষ্টিতে ভাসাবে, কিন্তু ভেতরে রক্তক্ষরণই হবে তাদের। টিম ব্রেসনানকে যোগ্য সমর্থন দেওয়ার মতো কেউ না থাকার অনুতাপে পুড়তেই হবে। গ্রায়েম সোয়ানের বোলিং ঠিকই ছিল। কিন্তু তা-ও প্রয়োজনে যথেষ্ট হতে পারেনি।বিশ্বকাপের এই পর্যায়ে এসে হঠাৎই তাই মনে হচ্ছে, বোলাররা নিজেদের খুঁজে পাচ্ছে না। ব্যতিক্রম শুধু তারাই, যাদের মানানসই একটা বোলিং আক্রমণ আছে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সে রকমই দুটি দল। তাদের বোলিং প্রদর্শনী দেখতে কলম্বো আজ প্রস্তুত।সাঙ্গাকারা যেমন তেমনি রিকি পন্টিংয়ের বোলিং-বাংকারেও আছে ভারী সব আগ্নেয়াস্ত্র। মুরালিধরন ও লাসিথ মালিঙ্গা কখনোই হেলাফেলার পাত্র নয়। বল হাতে নৃশংস থেকে নৃশংসতর হতে পারে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা। এসব অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে উঠবে আজকের কলম্বো-সেটাই অন্তত আশা করা যায়।খেলা ছাড়াও এই দুটি দলের ঘাড়ের ওপর আরও একটি নিঃশ্বাস পড়ছে। গণমাধ্যমের একটি অংশে দুই দলের খেলোয়াড়দের নিয়ে অপরাধের খবর ছাপা হয়েছে, যদিও এর কোনো প্রমাণ নেই। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে ম্যাচে যে দৃষ্টি ফেলেছে নতুন কিছু নয়। শুধু এ ম্যাচটিই নয়, বেশির ভাগ ম্যাচেরই তদন্ত চলছে। এটা অবশ্য তাদের দায়িত্ব। কিন্তু এ মুহূর্তে বিষয়টি নিয়ে খোঁচাখুঁচি করাটা হবে কুৎসিত একটা ব্যাপার।এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে অপরাজিত অস্ট্রেলিয়া আজ শ্রীলঙ্কাকে হারালে এবারও তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বাতিল করার সাহস পাবে বলে মনে হয় না। অন্যদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে মনোভাব চাঙা করার সুযোগ আছে শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ডও মন্দ না।বোলিংয়ে ধার থাকলেও ব্যাটিংয়ে দুই দলেরই কিছু দুর্বলতা আছে। বিশেষ করে পন্টিং ও মাইকেল ক্লার্ক ছন্দে না থাকায় অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কিছুটা থাকেই। মাইক হাসি ছাড়া দলটির মিডল-অর্ডার নড়বড়েই মনে হলো কিছুটা। কিন্তু তাদের সময়মতো জ্বলে ওঠার সামর্থ্যের ওপর আস্থা রাখুন।